ক্রিস্টাল প্যালেসে ম্যান ইউর হোঁচট
ইংলিশ প্রিমিয়ার লিগে আবার পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার চার নম্বরে আছে ইংল্যান্ডের অন্যতম সফল দলটি।
এর আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল লুই ফন খালের শিষ্যরা।
শনিবার নিজেদের মাঠে শুরু থেকেই ইউনাইটেডকে চাপে রাখে ক্রিস্টাল প্যালেস। দ্বিতীয় মিনিটেই অতিথিদের গোলরক্ষক দাভিদ দে হেয়াকে পরীক্ষায় ফেলে তারা। সেবার অবশ্য কোনো বিপদ হয়নি।
একাদশ মিনিটে এগিয়েও যেতে পারতো স্বাগতিকরা। মিডফিল্ডার ইয়ানিক বোলাসির শট ঠিকভাবে ফেরাতে পারেননি দে হেয়া। ক্রসবারে লেগে সেবার বল মাঠে ফিরলে বেঁচে যায় ইউনাইটেড।
পরের মিনিটে কর্নারের বিনিময়ে একটি প্রচেষ্টা ব্যর্থ করেন দে হেয়া। সেই কর্নারে জটলা থেকে গোলের সুযোগ হাতছাড়া করে অতিথিরা।
৩১তম মিনিটে ম্যাচের সেরা সুযোগটি হাতছাড়া করেন অধিনায়ক ওয়েইন রুনি। অন্তনি মার্সিয়ালের দারুণ পাসে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি তারকা এই ফরোয়ার্ড। ছুটে এসে বল নিজের নিয়ন্ত্রণে নেন ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক।
প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি সুযোগ হাতছাড়া করেন আন্দের এররেরা। মার্সিয়াল ডি-বক্সে খুঁজে পান তাকে। কিন্তু শট নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান এররেরা।
