২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়ানসিকে হারিয়ে ম্যান সিটির পাশেই আর্সেনাল

সোয়ানসি সিটিকে তাদের মাঠেই ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দারুণ এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্টে সমতাতেই থাকল আর্সেন ভেঙ্গারের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 11:23 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

পুরনো খবর:

শেষ মুহূর্তের গোলে শীর্ষেই থাকল ম্যান সিটি
ক্রিস্টাল প্যালেসে ম্যান ইউর হোঁচট
কৌতিনিয়োর নৈপুণ্যে চেলসিকে হারাল লিভারপুল

শনিবার রাতে ম্যাচের প্রথম ২০ মিনিট কোনো সুযোগই তৈরি করতে পারেনি দুই দল। তবে এর পরেই বদলে যায় খেলা।

২১তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ পায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে জনজো শেলভির বাড়ানো বল বাফেতিম্বি গোমিস যখন ধরেন সামনে তখন কেবল গোলরক্ষক পেতর চেক। কিন্তু এগিয়ে আসা চেককে কাটাতে গিয়ে বলের নিয়ন্ত্রণের হারান ফরাসি এই স্ট্রাইকার।

এরপরই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। আর্সেনালের সুযোগটা আসে ২৯তম মিনিটে। সানচেসের বুদ্ধিদীপ্ত পাস ডি বক্সে অনেকটা ফাঁকায় পেয়েছিলেন অলিভিয়ে জিরুদ। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট নেন এই মৌসুমে দারুণ ফর্মে থাকা ফ্রান্সের এই ফরোয়ার্ড।

তবে বিরতির পর প্রথম সুযোগ পেয়ে আর ভুল করেননি জিরুদ। কর্নার থেকে মার্কারকে ফাঁকি দিয়ে দূরের পোস্টে দারুণ হেডে গোল করেন তিনি। ক্লাবের হয়ে শেষ ৫ ম্যাচে এটা তার চতুর্থ গোল।

৬৬তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট হেড করে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারান লরাঁ কোসিয়েলনি। তবে দুই মিনিট পরই গোল করে পুষিয়ে দেন ফরাসি এই ডিফেন্ডার। উঁচুতে ওঠা বল গোলরক্ষক ঠিক মতো আয়ত্মে নিতে না পারায় জালে পাঠিয়ে দেন তিনি।

৭৪তম মিনিটে জয় নিশ্চিত করেন জোয়েল ক্যাম্পবেল। বাঁ দিক থেকে মেসুত ওজিলের বাড়ানো বল ধরে ৭ গজ দূর থেকে জালে পাঠান কোস্টা রিকার এই ফরোয়ার্ড।

অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে নরিচ সিটিকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। ১১ ম্যাচে সিটির সমান ২৫ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল।

ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে ৩-১ গোলে হারায় লিভারপুল।