কৌতিনিয়োর নৈপুণ্যে চেলসিকে হারাল লিভারপুল
খারাপ সময় সময় পেছনে ফেলে লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কি দারুণভাবেই না জ্বলে উঠল লিভারপুল। ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনিয়োর জোড়া গোলে চেলসিকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে ‘অল রেডস’ নামে পরিচিত দলটি।
নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে প্রিমিয়ার লিগে লিভারপুলের এটা প্রথম জয়। একই সঙ্গে প্রতিপক্ষের মাঠে জয় খরাও কাটলো তাদের। স্টোক সিটির মাঠে ১-০ গোলে জিতে লিগ শুরু করার পর গত ৯ রাউন্ডের কোনো অ্যাওয়ে ম্যাচেই জেতেনি তারা।
অন্যদিকে, এই হারে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির অবস্থা আরও নাজুক হয়ে পড়ল। ১১ ম্যাচে জোসে মরিনিয়োর দলের এটা ষষ্ঠ হার।
মৌসুমের শুরু থেকেই বারবার হোঁচট খেয়ে প্রচণ্ড চাপের মুখে থাকা চেলসি ঘরের মাঠে এ দিন শুরুটা করে দুর্দান্ত। চতুর্থ মিনিটে পাওয়া প্রথম সুযোগেই দলকে এগিয়ে দেন রামিরেস।
প্রথমার্ধের যোগ করা সময়ে কৌতিনিয়োর গোলে সমতায় ফেরে লিভারপুল। বিরতির বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে স্বদেশি রবের্তো ফিরমিনোর পাস পেয়ে এক জনকে কাটিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষভেদ করেন ব্রাজিলের মিডফিল্ডার কৌতিনিয়ো। প্রিমিয়ার লিগে ৭১০ মিনিট পর গোল পেলেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে লিভারপুল। ৫৩তম মিনিটে এগিয়েও যেতে পারতো তারা, কিন্তু কৌতিনিয়োর পাস পেয়ে ফিরমিনোর জোরালো শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৭১তম মিনিটে স্ট্যামফোর্ড ব্রিজের দর্শকেরা দারুণ এক গোলের সাক্ষী হতে পারতো। মাঝ মাঠের একটু সামনে দাঁড়ানো অস্কার লিভারপুল গোলরক্ষককে কিছুটা এগিয়ে থাকতে দেখে বল উঠিয়ে মারেন। খানিকটা পিছিয়ে এসে সেটা কোনোমতে কর্নারের মাধ্যমে ঠেকান গোলরক্ষক সিমোন মিগনোলেত।
সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে চেলসি। কিন্তু ৮৩তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয়টা নিশ্চিত করে ফেলেন বেনতেকে। ইংলিশ মিডফিল্ডার গর্ডন ইবের পাস ডি বক্সের পেয়ে নিচু শটে গোলটি করেন বদলি নামা কঙ্গোর এই স্ট্রাইকার।
এই জয়ে লিভারপুলের পয়েন্ট হলো ১৭। স্ট্যামফোর্ড ব্রিজে ভবিষ্যত নিয়ে শঙ্কায় পড়ে যাওয়া জোসে মরিনিয়োর চেলসির পয়েন্ট ১১।
