শারাপোভার জয়ে শেষ চারে রাদভান্সকা
আগেই ডব্লিউটিএ ফাইনালসের সেমি-ফাইনাল নিশ্চিত করা মারিয়া শারাপোভা গ্রুপ পর্বে টানা তৃতীয় জয় পেয়েছেন। শেষ ম্যাচে ফ্লাবিয়া পেন্নেত্তাকে হারিয়েছেন তিনি। রুশ তারকার এই জয়ে রেড গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত হয়েছে পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকার।
সিঙ্গাপুরে বৃহস্পতিবার ইতালির পেন্নেত্তাকে ৭-৫, ৬-১ গেমে হারান শারাপোভা।
এই হারের সঙ্গেই শেষ হলো ৩৩ বছর বয়সী পেন্নেতার ক্যারিয়ার। আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, এটাই হবে তার শেষ মৌসুম।
এর আগে বৃহস্পতিবারের অন্য ম্যাচে রাদভান্সকার কাছে হেরে ছিটকে পড়েন সিমোনা হালেপ। আর রোমানিয়ার এই খেলোয়াড়ের হারে এক ম্যাচ বাকি থাকতেই সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে যায় শারাপোভার।
হালেপকে ৭-৬, ৬-১ গেমে হারান রাদভান্সকা। গ্রুপ পর্বে নিজের প্রথম দুই ম্যাচে হেরেছিলেন পোল্যান্ডের এই তারকা।
শারাপোভা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে রাদভান্সকাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে হালেপের বিপক্ষে জয় পান।
মেয়েদের টেনিসের মৌসুম শেষের এই টুর্নামেন্ট প্রতি বছর র্যাঙ্কিংয়ের শীর্ষ আট খেলোয়াড়কে নিয়ে হয়। আট জন খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলেন। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুজন ওঠেন সেমি-ফাইনালে।
র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা সেরেনা উইলিয়ামস অবশ্য এবার প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। তার পরিবর্তে খেলছেন র্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা লুসি সাফারোভা।
