২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্যানিশ কাপের শিরোপা ধরে রাখার লড়াই শুরু বার্সার

লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ততার মধ্যে এবার স্প্যানিশ কাপ বা কোপা দেল রের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে যাচ্ছে বার্সেলোনা। শেষ ৩২ দলের লড়াইয়ে তৃতীয় সারির দল ভিয়ানোভেন্সের বিপক্ষে খেলবে লুইস এনরিকের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 06:36 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

ভিয়ানোভেন্সের মাঠে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি।

চোটের কারণে বাইরে থাকা লিওনেল মেসির শূন্যতা নেইমার-লুইস সুয়ারেস জুটিতে বেশ ভালোই কাটিয়ে উঠেছে বার্সেলোনা। শেষ তিন ম্যাচের সবকটিতে জিতেছে তারা।

ঘরোয়া লিগ ও ইউরোপ সেরার প্রতিযোগিতা মিলে শেষ তিন ম্যাচে বার্সেলোনার করা মোট ১০ গোলের আটটি আসে সুয়ারেস ও নেইমারের পা থেকে। দুজনেই চারটি করে গোল করেন। কিন্তু ভিয়ানোভেন্সের বিপক্ষে আক্রমণভাগের এই দুই তারকাকে দলে রাখেননি লুইস এনরিকে।

সের্হিও বুসকেতস, হাভিয়ের মাসচেরানো, জেরার্দ পিকে ও ক্লাওদিও ব্রাভোকেও বিশ্রাম দিয়েছেন বার্সেলোনা কোচ।   

মেসি, নেইমার ও সুয়ারেস না থাকার পরও ভিয়ানোভেন্সের রক্ষণ ভাঙার পরিকল্পনা সাজাতে এনরিকের হয়তো খুব একটা সমস্যা হবে না। কিন্তু রক্ষণ নিয়ে ভাবনাটা রয়েই গেছে।

এই মৌসুমে এখন পর্যন্ত ১৫ ম্যাচের তিনটিতে চারটি করে গোল হজম করে বার্সেলোনা। আর এই সময়ে তিনটি ম্যাচ ছাড়া প্রতিটিতেই গোল হজম করতে হয়েছে তাদের।

তারপরও দলটি যখন ‘সেগুন্দা বি’-তে খেলা ভিয়ানোভেন্স, তাই এতকিছু হয়তো ভাবতে হবে না বার্সেলোনাকে। সহজ জয়ের প্রত্যাশা করতেই পারে কাতালান দলটির সমর্থকেরা।