২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিসভের মাঠেও নেইমার জাদুর প্রত্যাশা

লিওনেল মেসি নেই, নেই আন্দ্রেস ইনিয়েস্তাও। তাতে কী! বার্সেলোনার একজন নেইমার তো আছেন। আর বাতে বরিসভকে হারাতে তার দিকেই তাকিয়ে আছে স্পেনের চ্যাম্পিয়ন দলটি। লা লিগার মতো চ্যাম্পিয়ন্স লিগেও ব্রাজিলের ফরোয়ার্ড জাদু দেখাবেন, কাম্প নউ জুড়ে এখন এরই অপেক্ষা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 09:45 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

টানা ১২ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ওঠার অভিযানে আরেক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আগামী মঙ্গলবার বেলারুশের দল বরিসভের মাঠে খেলতে নামবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।

গত শনিবার স্পেনের লা লিগায় রায়ো ভায়োকানোর বিপক্ষে বার্সেলোনার ৫-২ ব্যবধানের জয়ে একাই চার গোল করেন ব্রাজিলের ফরোয়ার্ড।  

সেই ম্যাচ শেষে বার্সেলোনার কোচ লুইস এনরিকে নেইমারকে ‘অদম্য’ আখ্যা দেন। তার এই রূপ বরিসভের বিপক্ষেও দেখতে চায় দলটি। মিডফিল্ডার ইভান রাকিতিচ ওই ম্যাচ শেষেই ‘নেইমার থেমে থাকবে না’ বলে আশা প্রকাশ করেছিলেন।

বেলারুশের দল বরিসভের বিপক্ষে প্রেরণা খুঁজতে চার বছর আগের একটি ম্যাচের দিকে তাকাতে পারে বার্সেলোনা। বরিসভের মাঠ থেকে সেবার ৫-০ গোলের জয় নিয়ে ফিরেছিল তারা। জোড়া গোল করে সেই জয়ে নেতৃত্ব দিয়েছিলেন মেসি। এবার দলকে এগিয়ে নেওয়ার কাজটা নেইমার করতে পারবেন বলেই বিশ্বাস এনরিকের।

দুই ম্যাচ শেষে বার্সেলোনা ‘ই’ গ্রুপের শীর্ষে আছে। রোমার বিপক্ষে ড্র দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করা বার্সেলোনা পরের ম্যাচে বায়ার লেভারকুজেনের বিপক্ষে স্বস্তির জয়টা পায়।

অন্যদিকে, দুই ম্যাচের একটি জিতে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে বরিসভ। তবে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে তাদের দারুণ একটি প্রেরণা আছে। তিন ম্যাচ হাতে রেখে গত শুক্রবারই বেলারুশের ঘরোয়া লিগে টানা দশম শিরোপা জয় নিশ্চিত করে তারা।

সাফল্যের পরিসংখ্যান আর তারকাদ্যুতিতে অবশ্য বার্সেলোনার চেয়ে ঢের পিছিয়ে বরিসভ। সবদিক থেকে এগিয়ে থাকা বার্সেলোনা কোচের অবশ্য এ ম্যাচের আগে একটি দুশ্চিন্তা আছে। হঠাৎ করেই যে খেই হারিয়ে ফেলেছে দলটির রক্ষণভাগ।

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে লা লিগা শুরু করে বার্সেলোনা। পরের ম্যাচেও একই ব্যবধানে জেতে তারা। তবে এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলা আট ম্যাচের প্রত্যেকটিতেই গোল খায় বার্সেলোনা।