২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ‘শূন্যতা’ ঘোচানোর স্বপ্ন রোনালদোর

ক্লাবের হয়ে প্রায় সবকটি বড় শিরোপা একাধিকবার জিতলেও জাতীয় দলের হয়ে এখনও কিছুই জেতা হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। এবার সে অপূর্ণতা ঘোচাতে চান তিনি, অর্জনের তালিকায় যোগ করতে চান আগামী বছর হতে যাওয়া ইউরোর শিরোপা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 09:29 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

তিনবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লিগ শিরোপা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ছোট-বড় মিলিয়ে এই দুই ক্লাবের হয়ে জিতেছেন মোট ১৬টি শিরোপা।

এবার দেশের হয়ে সাফল্য চান রোনালদো। আর তা আগামী বছর ফ্রান্সে হতে যাওয়া ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতাতেই।

“ক্লাবের হয়ে ও ব্যক্তিগতভাবে আমি সবকিছুই জিতেছি, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কিছুই জেতা হয়নি। (জাতীয় দলের হয়ে কিছু জিততে পারলে) দারুণ একটা ক্যারিয়ার হবে এবং আমার সে আশা আছে। আশা করি ২০১৬ সালেই সেটা হবে।”

এর আগে ২০০৪ সালের ইউরোয় ফাইনালে উঠেও গ্রিসের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে পর্তুগালের। ওই দলে ছিলেন রোনালদো। এবার আর ব্যর্থতা নয়, শিরোপা জেতার সামর্থ্য তার দলের আছে বলে বিশ্বাস রিয়াল ফরোয়ার্ডের।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চতুর্থবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু জেতা রোনালদো স্পেনের মার্কাকে বলেন, “আমাদের ভালো একটা দল আছে। আমার মতে, আমাদের ভবিষ্যত আশাব্যঞ্জক। নতুন প্রজন্ম ভালো খেলছে এবং তারা আমাদের উন্নতিতে অনেক সাহায্য করেছে।”

বাছাইপর্বে ‘আই’ গ্রুপের সেরা দল হয়ে ইউরোর মূল পর্বে খেলার টিকেট নিশ্চিত করেছে রোনালদোর পর্তুগাল।