২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরানকে খেলানোর আর্জি বার্সার

চোটের কারণে রাফিনিয়া লম্বা সময়ের জন্য ছিটকে পড়ায় আর্দা তুরানকে খেলানোর অনুমতি চেয়ে স্প্যানিশ ফেডারেশন ও ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আবেদন করেছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 09:15 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

বার্সেলোনার এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স মঙ্গলবার তাদের প্রতিবেদনে খবরটি জানায়।

গত জুলাইয়ের শুরুতে আতলেতিকো মাদ্রিদ থেকে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন তুরান। তার আগে গত জুনে সেভিয়া থেকে আলেক্সি ভিদালকে কেনে স্পেনের অন্যতম সফল ক্লাবটি।

তবে ফিফার নিষেধাজ্ঞার কারণে আগামী জানুয়ারির আগ পর্যন্ত এই দুই খেলোয়াড়কে ‘দলভুক্ত’ করানোর অনুমতি নেই বার্সেলোনার। অপ্রাপ্তবয়ষ্ক খেলোয়াড়দের অবৈধভাবে কেনার দায়ে ফিফা বার্সেলোনাকে এই শাস্তি দেয়।

তবে আইনে ব্যতিক্রমও আছে, চোটের কারণে কোনো খেলোয়াড় পাঁচ মাসের বেশি সময়ের জন্য ছিটকে পড়লে প্রচলিত 'ট্রান্সফার উইন্ডো'র বাইরে খেলোয়াড় দলভুক্ত করা যাবে।  

রোমার বিপক্ষে গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের দ্বিতীয়ার্ধে ইভান রাকিতিচের বদলি হিসেবে নেমে মিনিট তিনেকের মধ্যেই লিগামেন্টে চোট পান রাফিনিয়া। মঙ্গলবার এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা।

পুরোপুরি সুস্থ হয়ে কবে নাগাদ তার মাঠে ফেরা হতে পারে, বার্সেলোনা এখনও তা নিশ্চিত করেনি। তবে গণমাধ্যমে খবর, মৌসুমের বাকি সময়ে রাফিনিয়ার আর খেলা হবে না।