২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কস্তার বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ

চেলসির স্ট্রাইকার দিয়েগো কস্তার বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ এনেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 03:52 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

আর্সেনালের বিপক্ষে শনিবার ২-০ ব্যবধানে জেতা ম্যাচে ২৬ বছর বয়সী কস্তা প্রতিপক্ষের গাব্রিয়েল পাউলিস্তার সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ার আগে আরেক ডিফেন্ডার লরেন্ত কোসাইনলির মুখে হাত দিয়ে আঘাত করেন। ঘটনাটি ম্যাচ অফিসিয়ালদের দৃষ্টি এড়িয়ে যায়। তবে ভিডিওতে ধরা পড়ে স্পেনের স্ট্রাইকার কস্তার এই কাণ্ড।

অনুচিত আচরণের জন্য গাব্রিয়েল ও নিজেদের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে না পারায় দুই ক্লাবকেও অভিযুক্ত করেছে এফএ।

প্রথমার্ধের শেষ দিকে বিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন গাব্রিয়েল ও কস্তা। এই ঘটনার রেশ ধরে চেলসি স্ট্রাইকারকে পা দিয়ে গুঁতো মারায় রেফারি মাইক ডিন লাল কার্ড দেখান গাব্রিয়েলকে। এই ডিফেন্ডার তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে আর্সেনাল।

দুই হলুদ কার্ড দেখে ৭৯তম মিনিটে মাঠ ছাড়া আর্সেনালের মিডফিল্ডার সান্তি কাসোরলাকে তার আচরণের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ইংল্যান্ডের সময় সন্ধ্যা ছয়টার মধ্যে অভিযোগের জবাব দিতে হবে কস্তাকে। গাব্রিয়েল ও দুই ক্লাব অভিযোগের জবাব দেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় পেয়েছে।