২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাফিনিয়াকে ‘দৃঢ়’ থাকতে বললেন মেসি

অস্ত্রোপচার রিপোর্ট কি আসবে, তা এখনই বলার উপায় নেই। তবে চোটের কারণে মৌসুমটাই শেষ হয়ে যেতে পারে রাফিনিয়ার। এমন পরিস্থিতিতে সতীর্থকে ‘দৃঢ়’ থাকার পরামর্শ দিয়েছেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 02:14 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

এএস রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম লেগের ম্যাচে লিগামেন্টে চোট পান রাফিনিয়া। ব্রাজিলের এই মিডফিল্ডারের পাশে দাঁড়িয়েছেন সতীর্থ-প্রতিপক্ষ দলের অনেকেই।

নিজের ফেইসবুক ফ্যান পেইজে রাফিনিয়ার জন্য শুভকামনা জানান মেসি। বার্সেলোনার এই আর্জেটাইন ফরোয়ার্ড লিখেন, “রাফিনিয়া, দৃঢ় থাকো। আমার আশা, তুমি দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আমি নিশ্চিত, তুমি আরও শক্তিশালী হয়ে ফিরবে।”

অলিম্পিক স্টেডিয়ামে গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে রোমার সঙ্গে ১-১ গোলে ড্র করে ফেরে বার্সেলোনা। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে ইভান রাকিতিচের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রাফিনিয়া। মাঠে নামার মিনিট তিনেকের মধ্যেই লিগামেন্টে চোট পান তিনি।

অস্ত্রোপচারের কথা জানালেও রাফিনিয়াকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা বার্সেলোনা জানায়নি। তবে স্পেনের সংবাদমাধ্যমের খবর, পুরো মৌসুমেই মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।