চোট পেয়ে মাঠের বাইরে রিয়ালের রামোস
চোট সমস্যা রিয়াল মাদ্রিদকে ভালোভাবেই পেয়ে বসেছে। কাঁধে আঘাত পেয়ে ছিটকে পড়েছেন রক্ষণের সেরা খেলোয়াড় সের্হিও রামোস।
শাখতার দোনেৎস্কের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের ৫৯তম মিনিটে কাঁধে আঘাত পান রামোস। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি।
রামোসের চোট পরীক্ষা করে দেখা যায়, তার কাঁধের হাড় সরে গেছে। বুধবার রিয়াল তাদের ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে।
চোট কাটিয়ে রামোস কবে ফিরতে পারবেন, এ বিষয়ে রিয়াল বিস্তারিত কিছু জানায়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, আগামী শনিবার গ্রানাদার বিপক্ষে লিগের ম্যাচে খেলতে পারবেন না তিনি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে শাখতারের বিপক্ষে চোট পান রিয়ালের আক্রমণভাগের তারকা গ্যারেথ বেলও। পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন তিনি।
