২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কটল্যান্ডকে হারিয়ে জার্মানির শীর্ষস্থান অটুট 

স্কটল্যান্ডকে হারিয়ে ইউরো বাছাই পর্বে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। টমাস মুলারের নৈপুণ্যে নাটকীয়তায় ভরা ম্যাচে ৩-২ গোলে জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 03:27 AM

Updated : 12 Oct 2022, 04:12 PM

গত সেপ্টেম্বরে প্রথম লেগে স্কটল্যান্ডকে  ২-১ গোলে হারিয়েছিল জার্মানি।
 
প্রতিপক্ষের মাঠ গ্ল্যাসগোর হ্যাম্পডেন পার্কে অষ্টাদশ মিনিটে টমাস মুলারের গোলে এগিয়ে যায় জার্মানি।  বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের শট ডিফেন্ডার রাসেল মার্টিনের গোড়ালিতে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়। 
 
জার্মানদের এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি, ২৮তম মিনিটে মাটস হামেলসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্কটল্যান্ড।
 

এর ছয় মিনিট পর আবারও মুলারের নৈপুন্যে এগিয়ে যায় জার্মানি। ছয় গজ দূর থেকে হেড করে বল জালে পাঠান তিনি। প্রথমার্ধের নাটকীয়তার তখনও বাকি; কর্নার থেকে বল পেয়ে ডান পায়ের শটে স্কোরলাইন ২-২ করেন মিডফিল্ডার জেমস ম্যাকআর্থার। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ফের এগিয়ে যায় জার্মানি। এই গোলেও অবদান ছিল প্রথম দুই গোলদাতা মুলারের। তার বাড়ানো বল ধরেই লক্ষ্যভেদ করেন বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার ইকাই গুন্ডোগান।   শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয়ের আনন্দে মাঠ ছাড়ে ইওয়াখিম লুভের দল। এই জয়ে আট ম্যাচে জার্মানির পয়েন্ট বেড়ে হলো ১৯। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পোল্যান্ড সোমবার রাতে গ্রুপের তলানিতে থাকা জিব্রাল্টারকে ৮-১ গোলে রীতিমত বিধ্বস্ত করেছে।