২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় আর উন্নতিতে চোখ নেইমারদের

প্রতিপক্ষ যখন শক্তি আর পরিসংখ্যানে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র, তখন ব্রাজিল দলের চোখ জয়ে তো থাকবেই। সঙ্গে বাড়তি কিছুও চান নেইমারদের গুরু দুঙ্গা-আরও উন্নতি করতে হবে, খেলতে হবে আরও ভালো ফুটবল। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 09:57 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে নামার আগে দল গুছিয়ে নিতে যুক্তরাষ্ট্র সফরে প্রীতি ম্যাচ খেলছে ব্রাজিল। কোপা আমেরিকার শেষ আট থেকে বিদায় নেওয়া ব্রাজিল এই সফরের প্রথম ম্যাচে গত শনিবার কোস্টা রিকাকে ১-০ গোলে হারায়। 
 
যুক্তরাষ্ট্রের ফক্সবরোতে বাংলাদেশ সময় বুধবার সকালে স্বাগতিক দলের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে জয়ের সঙ্গে আগের চেয়ে দলের উন্নতিও দেখতে চান দুঙ্গা। শুধু তাই নয়, নেইমার, হাল্কদের কাছ থেকে সুন্দর গোছানো ফুটবলও আশা করেন কোচ। 
 

"আমাদের এখন উন্নতি করতে হবে। স্বাভাবিকভাবেই তিন বা চার দিনের অনুশীলন করে আপনি ৯০ মিনিটে যা চান তা পাবেন না। ধীরে ধীরে উন্নতি করতে হবে আমাদের।" কোস্টা রিকা ম্যাচের আগে চোটে পড়েছিলেন নেইমার। এ কারণেই হয়ত সেই ম্যাচে অধিনায়ককে বদলি হিসেবে নামিয়েছিলেন দুঙ্গা, তাও মাত্র ৯ মিনিটের জন্য। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে সাংবাদিকদের নিজের অসন্তুষ্টির কথা জানান নেইমার।  যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল কোচকে এই প্রসঙ্গ নিয়েও কথা বলতে হয়।  "আমরা নেইমারকে ব্যবহার করব। তাকে ব্যবহার করা হবে।" ম্যাচটিকে যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানও দল নিয়ে পরীক্ষার সুযোগ হিসেবে দেখছেন। অক্টোবরে মেক্সিকোর বিপক্ষে কনফেডারেশন্স কাপের প্লে-অফ খেলবে যুক্তরাষ্ট্র। এর জন্য দল গোছাতে ব্যস্ত ক্লিন্সমান। জার্মানির সাবেক এই খেলোয়াড় বিশেষ করে রক্ষণভাগ গুছিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান।  দুই দলের জন্যই পরীক্ষা-নিরীক্ষার এই ম্যাচের আগে ব্রাজিলকেই এগিয়ে রাখতে হবে। এ পর্যন্ত ১৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১৭টিতেই জেতে ব্রাজিল, যুক্তরাষ্ট্রের জয় মাত্র একটি।