পেনাল্টি নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিউস
রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বললেন, ব্রুনো গিমারাইসের চাওয়াতেই এগিয়ে যান তিনি।
ভিনিসিউস জুনিয়রের ফর্মহীনতা তার পারফরম্যান্সেই স্পষ্ট, আর আত্মবিশ্বাসের ঘাটতি কিছুটা ফুটে ওঠে তার চোখেমুখে। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পট কিক নেওয়ার আগেও সেটা কিছুটা আন্দাজ করা যায়। ম্যাচের পর নিজেই তা পরিষ্কার করে দিলেন। একই সঙ্গে কঠিন সময়ে পাশে থাকার জন্য সতীর্থদের প্রতি কৃতজ্ঞতাও জানালেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড।
ব্রিজবেনে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও একটা সময় পিছিয়ে পড়ে সফরকারীরা। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে প্রীতি ম্যাচটিতে ৪-২ গোলে জিতে যায় তারা।
৮০তম মিনিটে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন ভিনিসিউস, যদিও স্পট কিক নেওয়ার দায়িত্ব তার নয়। তবে তার আত্মবিশ্বাস ফেরাতেই দলের পক্ষ থেকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়, ম্যাচের পর বললেন ভিনিসিউস।
“হাফিনিয়া যখন মাঠে থাকবে না, তখন আমাদের পেনাল্টি নেওয়ার দায়িত্ব ব্রুনো গিমারাইসের। আমি ভেবেছিলাম সেই নিতে চাইবে, তবে সে জানে যে বর্তমানে আমার কিছুটা আত্মবিশ্বাস দরকার।
“বিশ্বকাপে হেরে যাওয়া অনেক বড় ধাক্কা এবং সেটা মেনে নেওয়া কঠিন, আর ঘুরে দাঁড়ানোও সহজ নয়।”
পরে গিমারেস নিজেও ব্যাখ্যা করেন তার পেনাল্টি না নেওয়ার কারণ। আর্সেনালের এই মিডফিল্ডার বলেন, দলের সবার মধ্যে একতাই সবচেয়ে বড় বিষয়।
“এটাই কারণ ছিল (পেনাল্টিটা ভিনিকে আত্মবিশ্বাস দিয়েছে)। পেনাল্টির ঘটনার পর, অনেক কিছুই সামনে আসে। কিন্তু এখানে জাতীয় দলে, আমাদের মধ্যে কেউ ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবে না।”
বিশ্বকাপে এই পেনাল্টি নিয়ে ভীষণ তিক্ত এক অভিজ্ঞতা আছে গিমারাইসের। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোয় স্পট কিকে গোল করতে ব্যর্থ হন তিনি। পরে ম্যাচটি ২-১ গোলে হেরে ছিটকে পড়ে সেলেসাওরা। সেজন্য প্রবল সমালোচনার মুখে পড়েন গিমারাইস।
অস্ট্রেলিয়া ম্যাচের পর তিনি জানালেন, বিশ্বকাপে স্পট কিক নেওয়ার সিদ্ধান্তটা যেমন কোচের ছিল, এখানেও তাই।
“বিশ্বকাপে আনচেলত্তি আমাকে পেনাল্টি নিতে বলেছিলেন। আর আজ তিনি ভিনিকে নিতে বলেন। ভিনির একটা গোল করা খুব দরকার ছিল। সে খুব ভালোভাবেই সেটা করেছে। আমাদের কারও মধ্যে ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবনা নেই। ব্রাজিলের জন্য কোনটা সেরা, সেটাই আমরা চাই। তার জন্য আমরা খুশি এবং এভাবে কাজ করে যাওয়াটাই আসল।”
এবারের আন্তর্জাতিক বিরতিতে শেষ ম্যাচে তারা খেলবে ভারতের বিপক্ষে, আগামী শনিবার কলকাতায়।
