২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দি মারিয়াকে নিয়ে 'শঙ্কামুক্ত' আর্জেন্টিনা

সেরি আয় ইন্টার মিলানের বিপক্ষে খেলার সম্ভাবনা আছে ইউভেন্তুস মিডফিল্ডারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 06:13 PM

Updated : 06 Nov 2022, 06:47 PM

আনহেল দি মারিয়ার বিশ্বকাপ খেলা নিয়ে যে সংশয় জেগেছিল, তা অনেকটাই কেটে গেছে। প্রায় এক মাস বাইরে থাকার পর মাঠে ফেরার জন্য প্রস্তুত এই আর্জেন্টাইন তারকা। সবকিছু ঠিক থাকলে সেরি আয় ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে দেখা দেখা যেতে পারে ইউভেন্তুসের এই অভিজ্ঞ মিডফিল্ডারকে।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাকাবি খাইফার বিপক্ষে ইউভেন্তুসের ম্যাচে ঊরুতে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়েন দি মারিয়া। 

পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বাইরে থাকতে হবে দি মারিয়াকে।

পেশির ওই চোটের দি মারিয়া খেলতে পারেননি ইতালিয়ান ক্লাবটির সবশেষ পাঁচটি ম্যাচ।

কাতার বিশ্বকাপ শুরু আগামী ২০ নভেম্বর। এর আগে দলের গুরুত্বপূর্ণ সদস্য দি মারিয়ার চোট উৎকন্ঠা বাড়াচ্ছিল আর্জেন্টিনা শিবিরে।

তবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের চিন্তামুক্ত করে মাঠে ফেরার জন্য এখন প্রস্তুত দি মারিয়া। 

ইন্টারের বিপক্ষে রোববারের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি বলেন, এই ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা আছে রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়ের।

“(গ্লেইসন) বেহেমা ও আনহেল দি মারিয়া সুস্থ হয়ে উঠেছে। এখন আমাকে ঠিক করতে, তাদেরকে শুরুর একাদশে রাখব নাকি বেঞ্চে।”

বিশ্বকাপের জন্য আগামী ১৪ নভেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে দলগুলোকে।

বৈশ্বিক আসরে আর্জেন্টিনা লড়বে ‘সি’ গ্রুপে। সেখানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

লিওনেল স্কালোনির দলের বিশ্বকাপ অভিযান শুরু আগামী ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে।