Published : 10 Dec 2025, 08:10 AM
চ্যাম্পিয়ন্স লিগে আবারও যখন মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও রেয়াল মাদ্রিদ, তখন ঘুরে-ফিরে আসছে দুই দলের সবশেষ সাক্ষাতের প্রসঙ্গ। যেখানে সান্তিয়াগো বের্নাবেউয়ে বিধ্বস্ত হয়েছিল ইংলিশ ক্লাবটি। একই আঙিনায় আসছে ম্যাচে কি প্রতিশোধ নেওয়ার জন্য নামবে সিটি? দলটির মিডফিল্ডার বের্নার্দো সিলভা বললেন, তিনি অন্তত সেভাবে ভাবছেন না।
এই দুই দলই গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব থেকে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিতে ব্যর্থ হয়। নকআউট প্লে-অফে দেখা হয় তাদের। প্রথম লেগে ঘরের মাঠে ৩-২ গোলে হারে সিটি। ফিরতি লেগে বের্নাবেউয়ে ৬১ মিনিটের মধ্যে প্রিমিয়ার লিগের দলটি পিছিয়ে পড়ে ৩-০ গোলে। যোগ করা সময়ে কোনোমতে একটি গোল শোধ করতে পারে গুয়ার্দিওলার দল। ৬-৩ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোয় জায়গা করে নেয় রেয়াল।
ফিরতি লেগে হ্যাটট্রিকসহ দুই লেগ মিলিয়ে মোট চার গোল করেছিলেন কিলিয়ান এমবাপে। বুধবার বের্নাবেউয়ে তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। পেশির চোটে ভুগছেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিলভা বলেন, এমবাপেকে ছাড়াও রেয়াল শক্তিশালী এবং প্রতিশোধ নেওয়া নয়, শুধু নিজেদের নিয়েই ভাবছেন তারা।
“এমবাপেহীন রেয়াল মাদ্রিদের বিপক্ষে আমি অনেকবার খেলেছি এবং তারা সবসময়ই দুর্দান্ত দল। আমাদের মনোযোগ নিজেদের ওপর থাকা উচিত, তাদের ওপর নয়। আমি অনেকবার রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলেছি, কিছু জিতেছি এবং কিছু হেরেছি। প্রতিশোধ এমন একটি শব্দ যা, আমি ব্যবহার করতে পছন্দ করি না। আগামীকালের (বুধবার) ম্যাচটি আমাদের জন্য দারুণ এক পরীক্ষা এবং আমরা ভালোভাবে প্রস্তুত থাকতে চাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর লড়াই।”
“এমবাপে অসাধারণ খেলোয়াড় এবং সে যদি রেয়াল মাদ্রিদ দলে থাকে, তাহলে তাদের জন্য ভালো হবে; কিন্তু যদি না থাকে, ভিনিসিউস, রদ্রিগো... তাদের খুব ভালো খেলোয়াড় আছে। যেই খেলুক না কেন, কঠিন হবে। (আমরা জানি) এই স্টেডিয়ামে খেলা কতটা কঠিন।”
বের্নাবেউয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
প্রাথমিক পর্বে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে সিটি। ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রেয়াল।