০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ইউক্রেইন ম্যাচের আগে ফ্রান্স শিবিরে বড় ধাক্কা

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে গেছেন পিএসজি তারকা উসমান দেম্বেলে, খবর ফরাসি গণমাধ্যমের।

ইউক্রেইন ম্যাচের আগে ফ্রান্স শিবিরে বড় ধাক্কা
উসমান দেম্বেলে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 09:54 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইউক্রেইনের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে ফ্রান্স। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ‘ছিটকে গেছেন’ পিএসজি তারকা উসমান দেম্বেলে।

ফরাসি গণমাধ্যম লেকিপ এক প্রতিবেদনে লিখেছে, গত রোববার তুলুজের বিপক্ষে পিএসজির ৬-৩ গোলে জয়ের ম্যাচে দেম্বেলে হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর ফ্রান্স শিবিরে যোগ দিলেও, চোট কাটিয়ে না ওঠায় বুধবার জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। পৃথকভাবে সেরেছেন টুকটাক অনুশীলন। 

ধারণা করা হচ্ছে, পরের ম্যাচেই তিনি ফিরতে পারেন মাঠে। তবে শুক্রবার ইউক্রেনের বিপক্ষে কঠিন লড়াইয়ে হয়তো তাকে শুরুর একাদশে ঝুঁকি নিয়ে নামাবেন না ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ে দেশম। 

দেম্বেলেকে নিয়ে অনিশ্চয়তা এমন এক সময়ে জেগেছে, যখন তিনি ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। পিএসজির হয়ে ট্রেবল জয়ের পর থেকেই তার ব্যালন দ’র জেতার সম্ভাবনা নিয়ে জোর আলোচনায় চলছে। 

ইউক্রেইন ম্যাচের আগে তাই দেম্বেলে খেলতে না পারলে, দেশমের জন্য বড় চ্যালেঞ্জ হবে সেরা উইঙ্গারকে ছাড়া আক্রমণভাগ নতুন করে সাজানো।

ফ্রান্স শিবিরে অবশ্য বাকি সবকিছু ঠিকঠাক চলছে। লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে ও ইউভেন্তুস মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও পূর্ণ অনুশীলনে ফিরেছেন, যা দেশমকে দিচ্ছে বাড়তি ভরসা। 

সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন দেম্বেলে। আপাতত দেশমকে ভরসা রাখতে হচ্ছে কিলিয়ান এমবাপের শক্তিতে, অহেলিয়া চুয়ামেনির মাঝমাঠ নিয়ন্ত্রণের সামর্থ্যে।