১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রফি দিয়ে দেশমকে বিদায় জানাতে চান দেম্বেলে

ফরাসি উইঙ্গার বলেছেন, কোচের বিদায় তাদের জন‍্য আরও ভালো করার অনুপ্রেরণা।

ট্রফি দিয়ে দেশমকে বিদায় জানাতে চান দেম্বেলে
দিদিয়ে দেশম ও উসমান দেম্বেলে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 05:56 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

বিশ্বকাপ ট্রফি দিয়ে দিদিয়ে দেশমের শেষটা রাঙাতে চান উসমান দেম্বেলে। ফ্রান্সের এই তারকা উইঙ্গারের মতে, কোচের বিদায় তাদের মনোযোগ নড়ে যাওয়ার কারণ হবে না, বরং তা আরও ভালো খেলার অনুপ্রেরণা। 

আসছে বিশ্বকাপ দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে ১৪ বছরের দীর্ঘ যাত্রার ইতি টানার ঘোষণা আগেই দিয়েছেন দেশম। ফ্রান্সের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের কোচিংয়ে টানা দুটি আসরের ফাইনালে খেলেছেন দেম্বেলে, এমবাপেরা। ২০১৮ সালে তারা জিতেছেন শিরোপা, ২০২২ আসরে হয়েছেন রানার্সআপ।

ফ্রান্স দলে শক্তির যে গভীরতা, তাতে এই আসরেও তারা ফেভারিটদের কাতারে আছে। দলের মধ‍্যে পুরোটা পথ পাড়ি দেওয়ার সামর্থ‍্য ভালোভাবেই দেখেন দেম্বেলে। শনিবার ইএসপিএনের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোচের জন‍্য নিজেদের এই আসরে উজাড় করে দিতে চান তারা। 

“আমরা জানি, এটা কোচের শেষ প্রতিযোগিতা। তিনি একজন উঁচুমানের কোচ, তিনি ফ্রান্সের হয়ে দারুণ সফল। অবশ‍্যই তাকে পেয়ে আমরা খুব খুশি। আমরা এরই মধ‍্যে তার সঙ্গে বিশ্বকাপে খেলেছি।”

“তার বিদায় এই টুর্নামেন্টে আমাদের মানসিক অবস্থায় প্রভাব ফেলবে না। আমরা বিশ্বকাপ ফাইনালে পৌঁছে তাকে নিয়ে শেষটা ভালো করতে চাই। তিনি এমন একজন কোচ, যিনি ফ্রান্স দলে এই খেলোয়াড়দের ওপর আস্থা রাখেন। ম‍্যাচের পর তিনি আমাদের অভিনন্দন জানান কিংবা অনুপ্রেরণা যোগান।”

২০১২ সালের গ্রীষ্মে ফ্রান্সের কোচের দায়িত্ব দেন দেশম। বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২১ সালে জেতেন উয়েফা নেশন্স লিগ, ২০১৬ সালে ইউরো চ‍্যাম্পিয়নশিপে হন রানার্সআপ। এখন তিনি জাতীয় দলে সবচেয়ে দীর্ঘ সময়ের কোচদের একজন। 

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম‍্যাচ দিয়ে বিশ্বকাপ পুনরুদ্ধারের অভিযান শুরু করবে ফ্রান্সে। ‘আই’ গ্রুপে তাদের অন‍্য দুই প্রতিপক্ষ ইরান ও নরওয়ে।