২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি, রোনালদো লা লিগায় ফিরলে ‘চমৎকার হবে’

এই দুই মহাতারকার শীর্ষ ফুটবলে এখনও অনেক কিছু দেওয়ার আছে বলেও মনে করেন আতলেতিকো মাদ্রিদের সভাপতি এনরিকে সেরেসো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 06:34 PM

Updated : 24 Apr 2023, 06:42 PM

দুজনেই স্পেনের ফুটবলকে মুঠোভরে দিয়েছেন। নিজেরাও পেয়েছেন। সময়ের প্রয়োজনে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো এখন দূরের বাসিন্দা। প্রথম জন পিএসজিতে, দ্বিতীয় জন তাবু গেড়েছেন সৌদি আরবের ক্লাব আল নাস্‌রে। অবশ্য আর্জেন্টাইন তারকার লা লিগায় ফেরার সম্ভাবনা নিয়ে চলছে গুঞ্জন। তবে লা লিগার আকাশে এই দুই মহাতারকা ফের উদয় হলে তা চমৎকার হবে বলে মনে করেন আতলেতিকো মাদ্রিদ সভাপতি এনরিকে সেরেসো। 

ক্লাব ক্যারিয়ারের ষোলো আনার প্রায় পুরোটাই বার্সেলোনায় কাটানো মেসি ২০২১ সালে পাড়ি জমান পিএসজিতে। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলে ইউভেন্তুস, ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে রোনালদো এখন সৌদি আরবে। 

আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। সাতবারের ব্যালন দ’র জয়ী ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন কিনা, কাম্প নউয়ের প্রিয় আঙিনায় ফের তার পা পড়বে কিনা, তা নিয়ে কিছুদিন ধরে চলছে রকমারি আলোচনা। সম্প্রতি তো এমন খবরও এসেছে, ১৫টি লাগেজ নিয়ে নাকি বার্সেলোনায় এসেছেন মেসি! 

রোনালদোকে নিয়ে এমন গুঞ্জন অবশ্য নেই। আলোচনা-সমালোচনা মিলিয়ে তিনি সৌদিতে বেশ আছেন। ৩৮ বছর বয়সী এই পর্তুগিজ তারকার লা লিগায় ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে আতলেতিকো সভাপতির বিশ্বাস, এখনও শীর্ষ পর্যায়ে ফুটবলে দেওয়ার মতো অনেক কিছুই আছে মেসি ও রোনালদোর।  

“আমি মনে করি, যদি মেসি লা লিগায় ফিরে, তাহলে সেটা চমৎকার বিষয় হবে; একইভাবে রোনালদো ফিরলেও দারুণ হবে। দুজনে এখনও খেলে চলেছে এবং যদি তারা দুজনেই ফিরে, তাহলে চমৎকার বিষয় হবে।” 

মেসি চলে যাওয়ার পর দুঃসময়ের ঘোরপাকে বন্দি থাকা বার্সেলোনা অবশ্য চলতি মৌসুমে লা লিগা জয়ের পথেই আছে। তবে ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ফিরিয়ে আনার ইস্যুতে দলটির খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা প্রায়ই কথা বলছেন ইতিবাচক মনোভাব নিয়ে। 

তারপরও প্রশ্ন থেকে যাচ্ছে। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া মেসি এখনও এই ইস্যুতে প্রকাশ্যে মুখ খোলেননি। ফেরা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরুর কোনো নিশ্চিত খবরও আসেনি। যা এসেছে, তার সবই উড়ো খবর। 

বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২ গোল করেছেন মেসি। ভুরিভুরি রেকর্ডও গড়েছেন কাতালুনিয়ার ক্লাবটির জার্সিতে। কৈশোর থেকে বেড়ে ওঠা ক্লাবটির হয়ে জিতেছেন ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও অনেক শিরোপা। 

লা লিগায় দারুণ সময় কাটান রোনালদোও। দুটি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও অনেক শিরোপা জিতেন তিনি।