২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার প্রথম ম্যাচে গিনদোয়ানদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা

জার্মান মিডফিল্ডারসহ বেশ কয়েক জন খেলোয়াড়কে এখনও লা লিগায় নিবন্ধন করাতে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

বার্সার প্রথম ম্যাচে গিনদোয়ানদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা

গাম্পের ট্রফিতে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলেছিলেন ইলকাই গিনদোয়ান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 10:57 PM

Updated : 10 Aug 2023, 10:58 PM

নতুন মৌসুমে লা লিগায় বার্সেলোনার প্রথম ম্যাচের বাকি আর দুই দিন। তবে গেতাফের বিপক্ষে এই ম্যাচের জন্য পর্যাপ্ত খেলোয়াড় পাওয়া নিয়েই শঙ্কায় রয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ইলকাই গিনদোয়ানসহ বেশ কয়েক জন খেলোয়াড়কে এখনও যে লা লিগায় নিবন্ধন করাতে পারেনি তারা।

আর্থিক দৈন্যতার কারণে গত কয়েক বছর ধরেই ধুঁকতে থাকা বার্সেলোনা চলতি গ্রীষ্মের দলবদলে দলে টেনেছে গিনদোয়ান, ইনিগো মার্তিনেস ও ওরিওল রোমেউকে। তবে কাউকেই এখনও লা লিগায় নিবন্ধন করাতে পারেনি কাম্প নউয়ের ক্লাবটি।

এমনকি সাম্প্রতিক সময়ে চুক্তি নবায়ন করা রোনাল্দো আরাউহো, মার্কোস আলোনসো, সের্হি রবের্তো, ইনাকি পেনার নিবন্ধনও আটকে আছে। 

আগামী রোববার লিগে গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে বার্সেলোনা। ম্যাচটির জন্য এখন ‘অ্যাভেইলেবল’ আছে স্রেফ ১২ জন খেলোয়াড়৷ 

ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ে বরাবরই কঠোর অবস্থান লা লিগার। ২০২২-২৩ মৌসুমেও একই পরিস্থিতি ছিল বার্সেলোনার। রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়াসহ কয়েকজন খেলোয়াড়কে দলে ভেড়ালেও আটকে ছিল তাদের নিবন্ধন। প্রথম ম্যাচের একেবারে আগ মুহূর্তে তাদের নিবন্ধন করাতে পারে দলটি।

জুল কুন্দেকে অবশ্য অপেক্ষা করতে হয়েছিল আরও কিছুটা সময়। অগাস্টের শেষের আগ পর্যন্ত নিবন্ধন না হওয়ায় সেবার বার্সেলোনার কয়েকটি ম্যাচ খেলতে পারেননি ফরাসি ডিফেন্ডার।

ক্লাবগুলোকে নতুন ও চুক্তি নবায়ন করা খেলোয়াড়দের নিবন্ধন করানোর ক্ষেত্রে লা লিগার বেতন স্কেলের সীমা মেনে চলতে হয়।

লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম অনুসরণ করার জন্য গত বছর বার্সেলোনা ‘ইকোনমিক লেভার'’ হিসেবে ক্লাবের বিভিন্ন সম্পদের অংশ বিক্রি করে।

সংবাদমাধ্যমের খবর, খেলোয়াড়দের নিবন্ধন করানোর জন্য বার্সেলোনা ফের ক্লাবটির অডিও-ভিডিও বিভাগের কিছু অংশ বিক্রি করার চেষ্টা করছে।