২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জুয়ায়' জিতে খুব খুশি আনচেলত্তি

এস্পানিওলের বিপক্ষে ঠিক সময়ে সঠিক খেলোয়াড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ায় নিজেকে বাহবা দিচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 05:31 PM

Updated : 29 Aug 2022, 06:03 PM

এস্পানিওলের বিপক্ষে আক্রমণাত্মক শুরুর পরও পথ হারাতে বসেছিল রিয়াল মাদ্রিদ। হারিয়ে ফেলেছিল স্বাভাবিক গতি। দলকে পথে ফেরাতে তখন প্রয়োজন ছিল ভিন্ন কিছু। অভিজ্ঞ দুই মিডফিল্ডার লুকা মদ্রিচ ও টনি ক্রুসকে বসিয়ে তরুণ এদুয়ার্দো কামাভিঙ্গা ও দানি সেবাইয়োসকে নামান কোচ। যা দারুণ ফল দেয়। গতিময় ফুটবলে চাপ বাড়ায় রিয়াল আর জোড়া গোলে ব্যবধান গড়ে দেন করিম বেনজেমা।

ঠিক সময়ে সঠিক খেলোয়াড় পরিবর্তনের সিদ্ধান্ত সুফল বয়ে আনায় স্বস্তি ও আনন্দ অনুভব করছেন কার্লো আনচেলত্তি। সবসময় বিনয়ী হিসেবে পরিচিত রিয়াল মাদ্রিদ কোচ নিজেকে বাহবাও দিচ্ছেন।

এস্পানিওলের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে প্রতিযোগিতাটির সফলতম দলটি।

ভিনিসিউস জুনিয়রের গোলে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। তবে বিরতির আগে হঠাৎ যেন দিক হারিয়ে ফেলে তারা। সেই সুযোগে চাপ বাড়ায় স্বাগতিকরা। সমতা টানেন হোসেলু।

দ্বিতীয়ার্ধেও কিছুটা সময় একইভাবে চলতে থাকে ম্যাচ। দলকে ছন্দে ফেরাতে ৫৮তম মিনিটে জোড়া পরিবর্তন করেন আনচেলত্তি। মদ্রিচকে তুলে কামাভিঙ্গা ও ফেদে ভালভেরদের জায়গায় রদ্রিগোকে নামান তিনি। এরপরই খেলার চিত্র পাল্টাতে শুরু করে। মূলত কামাভিঙ্গার গতিময় ফুটবলে প্রাণবন্ত হয়ে ওঠে দল। ৮০তম মিনিটে ক্রুসকেও বসিয়ে সেবাইয়োসকে মাঠে নামায় রিয়াল।

নতুন শক্তি নিয়ে প্রবল চাপ বাড়ায় তারা। সেই ধারাবাহিকতায় নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে সমতা টানেন বেনজেমা। আর যোগ করা সময়ে ফ্রি কিকে আরেক গোল করে জয় নিশ্চিত করেন তিনি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তির কণ্ঠেও ফুটে উঠল তা।

“দলে ঠিক সময়ে নতুন প্রাণশক্তি যোগ হওয়ার কারণেই আমরা ম্যাচটা জিতেছি, কামাভিঙ্গা, রদ্রিগো কিংবা সেবাইয়োসের গতিতে। খেলা ধীরগতির হচ্ছিল, আমরা সেটা পাল্টে দেই। প্রতিটা ম্যাচেরই আলাদা গল্প আছে।”

বদলি নেমে খেলার চিত্র পাল্টে দেওয়া তিন জনকে তাহলে শুরুর একাদশে রাখলে কি ভালো কিছু হতো?-এ বিষয়ে আনচেলত্তি বললেন এটা জানার কোনো উপায় নেই।

“কখনও কখনও একাদশ সাজানো একটা জুয়ার মতো এবং আমি মনে করি, রিয়াল মাদ্রিদ কোচ আজ ভালো জুয়া খেলেছে।”

আসরে এখন পর্যন্ত কোনো হোম ম্যাচ খেলেনি রিয়াল। প্রতিপক্ষের মাঠে টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে তারা।