১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভুটান ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী রাকিব

প্রথমার্ধের শেষ দিকে এই ফরোয়ার্ডের গোলেই সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বেঙ্গালুরু থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 07:41 PM

Updated : 25 Jun 2023, 08:06 PM

ম্যাচের শুরুতে গোল হজমের ধাক্কা সামলে প্রথমার্ধের শেষ দিকে দলকে সমতার স্বস্তি এনে দেন রাকিব হোসেন। আক্রমণের ধারা ধরে রেখে শেষ পর্যন্ত মালদ্বীপকে উড়িয়েও দেয় বাংলাদেশ। তবে যার কাঁধে চড়ে ঘুরে দাঁড়ানো, সেই রাকিবকে ঘিরে জেগেছে শঙ্কা। তিনি নিজে অবশ্য চোট কাটিয়ে পরের ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে রোববার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। রাকিব সমতা ফেরানোর পর কাজী তারিক রায়হান ও শেখ মোরসালিনের গোলে দারুণ জয়ের উচ্ছ্বাসে মাতে দল।

লেবাননের বিপক্ষে ২-০ গোলে হেরে শুরু করা বাংলাদেশের এই জয়ে সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা একটু জোরাল করেছে। লেবানন ও মালদ্বীপের সমান ৩ করে পয়েন্ট বাংলাদেশের।

৪২তম মিনিটে সোহেল রানার ক্রসে তপু বর্মনের হেড পাস থেকে হেডেই জাল খুঁজে নেওয়া রাকিব। ম্যাচ শেষে তিনি জানালেন, বিরতির সময় এবং ম্যাচ জিতে ফেরার পর ড্রেসিংরুমের আবহ কেমন ছিল।

“এই জয়টা আমাদের জন্য ভীষণ আনন্দের। প্রথম ম্যাচ হেরে আমরা চাপে ছিলাম। এ ম্যাচে আমাদের জয় দরকার ছিল। আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম যে আমরা জিততে পারব। কেননা, আমরা সাফে টিকে থাকতে চেয়েছিলাম।”

“সমতা ফিরিয়ে যখন আমরা ড্রেসিংরুমে ফিরলাম, তখন ড্রেসিংরুমের আবহ খুব ভালো ছিল। আমরা সবসময় একসাথে থাকি, আনন্দ করি। তবে আজকে একটু আতঙ্কও ছিল সবার মধ্যে। বিরতির সময় সবাই চুপচাপ ছিল, কিন্তু জয়ের পর সবাই খুব আনন্দ করেছে।”

জাতীয় দলের হয়ে এ নিয়ে দ্বিতীয় গোল পেলেন রাকিব। তাতে ফরোয়ার্ডদের গোল না পাওয়ার ব্যর্থতা কিছুটা ঘুঁচল। ছয় ম্যাচ পর বাংলাদেশের কোনো ফরোয়ার্ড জালের দেখা পেলেন। সবশেষ গত বছর সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে গোল করেছিলেন ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন।

সামনের ম্যাচে গোলের ধারায় থাকতে আশাবাদী ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

“ইনশাল্লাহ (গোলের ধারায় থাকব)। লেবাননের বিপক্ষে আমরা প্রথম ম্যাচে ভালো খেলেছি এবং আপনারাও দেখেছেন পুরো দলের খেলার ধরন আগের চেয়ে বদলেছে। আজকে আমরা আক্রমণাত্মক খেলেছি। তিন গোল পেয়েছি, এটা আমাদের পরের ম্যাচে কাজে দিবে।”

“আসলে যখন সমতায় ফেরা গোল পেলাম, তখন পুরো দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। যার কারণে আমরা জিততে পেরেছি।”

৬২তম মিনিটে হালকা চোটে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন রাকিব। তবে চোট গুরুতর নয় বলেই জানালেন তিনি।

“পায়ের অবস্থা ভালো। ক্র্যাম্প করেছিল। চোটের কারণে অনেক দিন অনুশীলন করতে পারিনি। একজন খেলোয়াড় ১৫-১৬ দিন অনুশীলন করতে না পারলে ফিট থাকা কঠিন। এ কারণেই ক্র্যাম্প করেছে। আমার মনে হচ্ছে, (ভুটানের বিপক্ষে) খেলতে পারব ইনশাল্লাহ।”