২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

‘রক্ষণ ওপরে তুলে খেললে সবসময়ই ঝুঁকি থাকে’, বললেন ফ্লিক

তবে এভাবে খেলে যে তারা দারুণ সফল, সেই কথাও আত্মবিশ্বাসের সঙ্গে বললেন তিনি।

‘রক্ষণ ওপরে তুলে খেললে সবসময়ই ঝুঁকি থাকে’, বললেন ফ্লিক

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 04:24 PM

Updated : 20 Oct 2026, 04:24 PM

হান্সি ফ্লিকের কোচিংয়ে বার্সেলোনার রক্ষণভাগ ওপরে তুলে খেলার কৌশল প্রায় সময়ই আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। পিএসজির বিপক্ষে ম্যাচের আগেও স্বাভাবিকভাবে উঠল সেই প্রসঙ্গ। ফ্লিকও কোনো দ্বিধা ছাড়াই মেনে নিলেন এর সম্ভাব্য ঝুঁকির দিকটি। তবে এভাবে খেলে তাদের সফল হওয়ার দিকটিও তুলে ধরলেন তিনি।

বিশেষ করে বড় ম্যাচে অথবা প্রতি-আক্রমণে শক্তিশালী কোনো দলের বিপক্ষে লড়াইয়ে এই কৌশল বড় ঝুঁকির কারণ হতে পারে। চার দিনের ব্যবধানে তেমন দুটি ম্যাচই খেলতে যাচ্ছে বার্সেলোনা।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার পিএসজির বিপক্ষে খেলার পর, আগামী রোববার লা লিগায় রেয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে লড়বে কাতালান ক্লাবটি।

পিএসজির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি মঙ্গলবার শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। আগের দিন সংবাদ সম্মেলনে এই কৌশলে তাদের দারুণভাবে মানিয়ে নেওয়ার কথাই বললেন ফ্লিক।

“ওপরে উঠে রক্ষণ সামলানোয় সবসময়ই একটা ঝুঁকি থাকে। কিন্তু এক্ষেত্রে মূল বিষয় হলো পজেশন হারানোর পর আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাই, নিজেদের মধ্যে কেমন দুরত্ব বজায় রাখি, সেইসব। এই কাজগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে রক্ষণভাগ উপরে তুলে খেলায় অনেক বড় সুবিধাও আছে।

“গত সাত ম্যাচে আমরা কেবল এক ম্যাচে জাল অক্ষত রাখতে পেরেছি, কিন্তু আমরা অনেক গোলও করেছি।”

ফ্লিকের এই কৌশলে বার্সেলোনার সাফল্যের প্রমাণ মিলেছে আগেও। গত দুই মৌসুমে লা লিগা শিরোপা জিতেছে তারা। চলতি মৌসুমে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে দলটি। এখন পর্যন্ত লিগে ৯ ম্যাচের সবগুলো জয়ের পথে ৩৯টি গোল করেছে তারা, জবাবে হজম করেছে ৯টি।

চ্যাম্পিয়ন্স লিগেও এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিই জয়ের পথে ৯ গোল করেছে বার্সেলোনা।