পেশির চোটে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় ব্রাজিলের রিশার্লিসন
হাঁটতে গেলে পায়ের পেশিতে ব্যথা অনুভব করার কথা জানিয়েছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
কাতার বিশ্বকাপের দেরি নেই খুব বেশি। সবার মতো রিশার্লিসনও অধীর আগ্রহে দিন গুনছিলেন। কিন্তু এভারটন ম্যাচে পাওয়া চোটে বিশ্বকাপ খেলা নিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এখন নিজেই শঙ্কিত। এ নিয়ে কথা বলতে গিয়ে স্বাভাবিকভাবে আবেগ পেয়ে বসল টটেনহ্যাম হটস্পারের খেলোয়াড়কে।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে পায়ের পেশিতে ব্যথা পান রিশার্লিসন। ওই সময় ম্যাচ ছিল গোলশূন্য ড্র। তাকে ছাড়াই অবশ্য শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে ম্যাচটি জেতে আন্তোনিও কন্তের দল।
চোট নিয়ে ইএসপিএন ব্রাসিলের সঙ্গে কথা বলতে গিয়ে রিশার্লিসনের কন্ঠে ফুটে ওঠে অজানা শঙ্কা। বিশ্বকাপ সামনে রেখে পাওয়া চোটে রাজ্যের অনিশ্চয়তা ভর করেছে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের মনে।
“(কী হবে) বলা কঠিন, কেননা, বিশ্বকাপ খেলার স্বপ্নের খুব কাছাকাছি (ছিলাম) আমি। একই ধরনের চোটে এর আগেও ভুগেছি। আশা করি, অল্প সময়ের মধ্যে সেরে উঠব। নয়তো, এভারটনেই আমাকে দুই মাস বসে থাকতে হবে।”
“আমি জানি, এ মুহূর্তে এটা নিয়ে কথা বলা কঠিন, দেখা যাক। আমি সেরে উঠব। সোমবার পরীক্ষাগুলো করাতে হবে, কিন্তু এখন এমনকি হাঁটতে গেলেও ব্যথা অনুভব করছি। দেখি, অপেক্ষা করি।”
আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। এক মাসের একটু বেশি সময় বাকি। অনিশ্চয়তা নিয়ে রিশার্লিসনও জানালেন দ্রুত সেরে ওঠার আশাবাদ।
“বিশ্বকাপ খুব কাছে, এক মাসের মতো বাকি এবং আমরা প্রস্তুত হচ্ছি, প্রতিদিন কাজ করছি, যাতে করে ভয়ঙ্কর কিছু না ঘটে। দূর্ভাগ্যজনকভাবে আজ সেটাই হলো, পায়ের পেশিতে চোট পেলাম। কিন্তু এখন কেবল অপেক্ষাই করতে পারি, প্রতিদিন চিকিৎসা নিতে হবে যাতে করে যত দ্রুত সম্ভব সেরে ওঠা যায়।”
টটেনহ্যাম কোচ কন্তে জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পরের লিগ ম্যাচে রিশার্লিসনের খেলার কোনো সম্ভাবনাই নেই। তবে তার চোট নিয়ে নিয়ে খুব একটা শঙ্কার কিছু দেখছেন না তিনি।
“সে পেশিতে কিছু একটা অনুভব করেছে এবং ম্যানচেস্টার ম্যাচে খেলতে পারবে না। আমি তার চোটের অবস্থা জানি না, কিন্তু আমার মনে হয়, সারতে একটু সময় লাগবে।”
শঙ্কা যদি সত্যি হয়, রিশার্লিসনের বিশ্বকাপ শুরুর আগেই যদি শেষ হয়ে যায়, তাহলে তা ব্রাজিলের জন্য বড় ধাক্কা হবে। তবে, গাব্রিয়েল জেসুস ও রবের্তো ফিরমিনোর মতো ফরোয়ার্ড আক্রমণভাগে থাকায় হয়তো তিতেকে বড় সমস্যায় পড়তে হবে না।
সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গে ‘জি’ গ্রুপে আছে ব্রাজিল। কাতারের আসরে ফেভারিটদের মধ্যে আছে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।
