২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন ম্যাচের ফল নিয়ে হতাশ কাবরেরা, তবে পারফরম্যান্স নিয়ে খুশি

লেবাননের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ থেকে সামনের পথচলার রসদ খুঁজে নিতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।

বেঙ্গালুরু থেকে মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 08:17 PM

Updated : 22 Jun 2023, 08:17 PM

এমন যদি হতো, ফয়সাল আহমেদ ফাহিমের শটটি গোলরক্ষকের পাশ দিয়ে লুটোপুটি খেত জালে, কিংবা ৮০ মিনিট দারুণ বিশ্বস্ততায় রক্ষণ আগলে রাখা কাজী তারিক রায়হান তালগোল না পাকিয়ে বল ক্লিয়ার করে দিতে পারতেন! তাহলে ম্যাচের স্কোরলাইন হতে পারত অন্যরকম। হারের বিষাদের বদলে দারুণ কিছু পাওয়ার আনন্দ হতো সঙ্গী। হাভিয়ের কাবরেরা অবশ্য ‘কিন্তু-যদি’ নিয়ে ভাবতে চাইছেন না। দোষও খুঁজছেন না কারো। বরং সংবাদ সম্মেলনে এসে দলকে আগলে রাখলেন ঢাল হয়ে। 

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বৃহস্পতিবার লেবাননের কাছে ২-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। ৮০তম মিনিটে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি হজম করে কাবরেরার দল। 

শক্তিশালী লেবাননের বিপক্ষে শুরু থেকে রক্ষণ সামলে পাল্টা আক্রমণের কৌশলে খেলতে থাকে বাংলাদেশ। সে ছক পূর্ণতা পাওয়ার পথেও ছিল। এরই মধ্যে ৬০তম মিনিটে মোহাম্মদ হৃদয়ের লম্বা পাস ধরে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন ফাহিম। কিন্তু সরাসরি গোলরক্ষকের গায়ে মেরে নষ্ট করেন সুবর্ণ সুযোগটি। 

ঘড়ির কাঁটায় যখন সময় ৮০ মিনিট, হঠাৎই রক্ষণের সুর কেটে গেল। গড়বড় করে ফেললেন তারিক। সুযোগ কাজে লাগালেন হাসান মাতৌক। এরপর খলিল বাদেরের গোলে বাংলাদেশের পয়েন্ট পাওয়ার আশা হয়ে গেল শেষ। কাবরেরা কারো দোষ না খুঁজলেও স্কোরলাইন নিয়ে হতাশা আড়াল করেননি। 

“সব ‍ভুল দলীয়, সব সাফল্য দলীয় সাফল্য। লেবানন  খুবই শক্তিশালী একটি দল, যারা ক্রসে ভালো, শারীরিক শক্তিতেও এগিয়ে, নিজেদের কৌশলে যারা চমৎকার, ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৯তম, তাদের বিপক্ষে পুরোটা সময় রক্ষণ ছিল দারুণ জমাট। আমরাও সুযোগ পেয়েছিলাম, কিন্তু কখনও কখনও সেটা পূর্ণতা পায় না। এটা হতেই পারে। বিশেষ করে হাসান মাতৌক যখন খেলতে নামল, আমরা জানতাম, আমরা আরও বেশি সমস্যায় পড়ব। তারপরও এটা বলব, যখন আমরা সুযোগ পেলেও কাজে লাগাতে পারব না, তখন তো আমাদের গোল হজম করতে হতে পারে এবং সেটাই হয়েছে।” 

“পয়েন্ট না পাওয়ায় অবশ্যই হতাশ। অবশ্যই আমরা ১ পয়েন্ট পেতে পারতাম। পুরো পয়েন্ট পাওয়ার খুব কাছাকাছিও ছিলাম। শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলাম এবং দলের মধ্যে এই বিশ্বাসটুকু ছিল যে, আজকে ভালো কিছু অর্জন করতে যাচ্ছি আমরা। যেভাবে আমরা গোল হজম করেছি, সেটা মূল পয়েন্ট নয়, পয়েন্ট হচ্ছে আমরা গোল হজম করেছি এবং যে পয়েন্ট পেতে চেয়েছিলাম, সেটা পাইনি। এখন আর এটা নিয়ে পড়ে থাকতে চাই না। একই মানসিকতা, নিজেদের প্রতি বিশ্বাস নিয়ে পরের ম্যাচে যেতে চাই।” 

আক্রমণভাগে সুমন রেজা ছাপ রাখতে পারেননি। ছিলেন নিজের ছায়া হয়ে। ৭৪তম মিনিটে বদলি নেমে আলো ছড়াতে পারেননি রাকিব হোসেন, যার ফিটনেস নিয়ে ছিল প্রশ্ন। ৮৭তম মিনিটে নামা আরেক ফরোয়ার্ড রফিকুল ইসলামও পারেননি চমকপ্রদ কিছু করতে। তবে আক্রমণভাগকে কাঠগড়ায় তুলছেন না কাবরেরা। 

“রবিউল এ ম্যাচের স্ট্রাইকিং পজিশনে খেলেছে, কেননা, আমিনুর রহমান সজীবের গতি বেশি। সে আক্রমণাত্মক খেলোয়াড়, পাল্টা আক্রমণ করতে জানে। সে বিকল্প পথ তৈরি করতে পারে। রাকিব শতভাগ ফিট এবং সে কারণেই খেলেছে। সে (চোট থেকে) পুরোপুরি রিকভার করেছে; এ কারণে তাকে আমরা সুযোগ দিয়েছি।” 

“যে স্কোয়াড আমার হাতে আছে, তাদের নিয়ে আমি খুশি এবং গুরুত্বপূর্ণ কিছু অর্জন করার সামর্থ্য এই স্কোয়াডের আছে।” 

শেষ দিকের ভুলে পয়েন্ট পাওয়ার আশা গুঁড়িয়ে গেলেও এখন ইতিবাচক দিকগুলো খুঁজে নিতে চাইছেন কাবরেরা। দৃপ্ত কণ্ঠে জানালেন, দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত তিনি। মালদ্বীপ ও ভূটানের বিপক্ষে পরের দুই ম্যাচে এই পারফরম্যান্স টেনে নিতে চান। 

“ম্যাচ পর্যালোচনা করে বলতে হলে, চূড়ান্ত ফলে আমি হতাশ। এটা সহজ নয় মেনে নেওয়া। তবে দলের পারফরম্যান্সে আমি গর্বিত। পরের দুইটা ম্যাচে যদি আমরা পারফরম্যান্সের এই লেভেল ধরে রাখতে পারি, তাহলে নিশ্চিতভাবেই সেমি-ফাইনালে কোয়ালিফাই করার সুযোগ থাকবে। কিন্তু আমার মধ্যে এই অনুভূতিও কাজ করছে, আমরা আজ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতাম।” 

“গেম প্ল্যান অনুযায়ী খেলা হয়েছে। আমরাও ধারণা করেছিলাম শুরুর দিকে ওরা আমাদের ভোগাবে। ধীরে ধীরে আমরা ম্যাচে কিছুটা নিয়ন্ত্রণ নিয়েছিলাম, প্রতি-আক্রমণ থেকে সুযোগও পেলাম, ১-০ করার সুযোগ এসেছিল আমাদের সামনে। কিন্তু দিন শেষে, লেবাননের ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর খেলোয়াড় আছে, তারা জানে নিজেদের করণীয়টা এবং আমাদের দুয়েকটা ভুলের সুযোগ তারা কাজে লাগিয়েছে। যে কারণে স্কোরলাইন আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে ছেলেদের নিয়ে আমি খুবই গর্বিত এবং আমি মনে করি, এভাবে খেলতে পারলে…আমরা সঠিক পথেই আছি।”