২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

হংকং ম্যাচে হামজাকে ‘দুই ভূমিকায়’ চান কাবরেরা

হংকং চায়নার বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে প্রস্তুতি নিতে খুব বেশি সময় পাচ্ছেন না হামজা চৌধুরী, তবে তাকে ঘিরে প্রত্যাশার কমতি নেই বাংলাদেশ কোচের।

হংকং ম্যাচে হামজাকে ‘দুই ভূমিকায়’ চান কাবরেরা
বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ মোহাম্মদ জুবায়ের

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

যথারীতি হংকং চায়নার বিপক্ষে ম্যাচ সামনে রেখে হামজা চৌধুরীকে ঘিরে বড় স্বপ্নের বুনন হাভিয়ের কাবরেরার চোখে। সিঙ্গাপুরের বিপক্ষে সবশেষ ম্যাচে ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের উপরে উঠে গোলের সুযোগ তৈরি করার সামর্থ্য নজর কেড়েছে তার। হংকংয়ের বিপক্ষে ম্যাচে তাই লেস্টার সিটির এই খেলোয়াড়কে দুই ভূমিকায় দেখতে চান বাংলাদেশ কোচ।

জাতীয় স্টেডিয়ামে আগামী ৯ অক্টোবর এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। রোববার এ মাঠেই ঘাম ঝরিয়েছেন জামাল-জায়ানরা। হামজা এখনও ক্যাম্পে যোগ দেননি। সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। হংকং ম্যাচের আগে তিনটি সেশন হামজা পাবেন সতীর্থদের সঙ্গে কোচের ছক বুঝে নেওয়ার জন্য। 

প্রস্তুতিতে নামার আগে কাবরেরা জানালেন, হামজার কাছে তার উত্তুঙ্গ প্রত্যাশার কথা। কানাডা থেকে এসে মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পে যোগ দিতে যাওয়া মিডফিল্ডার শোমিত সোমের ব্যাপারে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করেননি এই স্প্যানিশ কোচ।

“হংকং ম্যাচে আমরা সবার কাছে খুবই ভালো পারফরম্যান্স প্রত্যাশা করি। ঘরের মাঠে ৩ পয়েন্ট পেতে এবং বাছাই পেরুনোর দাবিদারদের একটি দল হতে এটা আমাদের জন্য আরেকটি বড় সুযোগ। আমরা শেষ পর্যন্ত এর জন্য লড়তে চাই। এটাই সবার লক্ষ্য। হামজা এবং শোমিত-তাদের কাছে আমাদের প্রত্যাশা, ভালো একটা প্রভাব রাখবে তারা। হামজা আগামীকাল সকালে আসবে, সবকিছু ঠিকঠাক থাকলে সে তিনটা ট্রেনিং সেশন পাবে।”

“আর শোমিত, তার জন্য বিষয়গুলো একটু কঠিন হবে। কেননা, সে আগামী পরশু সন্ধ্যায় পৌঁছাবে, যেটা তার জন্য একটু নেতিবাচক। সে পৌঁছালে তার সঙ্গে আমরা কথা বলব এবং সে কেমন অনুভব করছে, সে অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিব।”

চোটের কারণে ফরোয়ার্ড সুমন রেজা ও উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম ছেড়েছেন ক্যাম্প। এমন পরিস্থিতিতে ডিফেন্সিভ মিডফিল্ড থেকে হামজাকে আরও উপরে খেলানোর ভাবনা আছে কিনা-এমন প্রশ্নে কাবরেরা বললেন, দ্বৈত ভুমিকায় হামজাকে দেখার ইচ্ছা তার।

“আমি মনে করি, বর্তমান পজিশনে হামজা খুবই ভালো করছে। এমনকি সবশেষ ম্যাচে অনেক সময় সে উপরে উঠে খেলেছে, যেটা চালিয়ে যেতে হলে তাকে আমাদের সমর্থন দিতে হবে। রক্ষণে তার উপস্থিতির যে ভারসাম্য কেবল সেটাই নয়, পেছন থেকে, দ্বিতীয় লাইন থেকে ফরোয়ার্ডদেরকে সুযোগ তৈরি করে দেওয়াটাও আমাদের জন্য প্রয়োজনীয়। সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্তে গোলের খুবই ভালো সুযোগ সে পেয়েছিল। আমি মনে করি, ডিফেন্সিভ মিডফিল্ডার এবং আক্রমণভাগে মিশ্র ভূমিকা রাখার সামর্থ্য তার আছে।”

বাছাইয়ে ‘সি’ গ্রুপের টেবিলে ১ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট ৪ করে। বাছাই পেরুনোর আশা বাঁচিয়ে রাখতে হংকংয়ের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না কাবরেরা।

“আমাদের সর্বোচ্চ বিশ্বাস আছে। আমরা ৩ পয়েন্ট পাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী। হংকং নিশ্চিতভাবেই শক্তিশালী দল। শারীরিক শক্তি নির্ভর দল, নিশ্চিতভাবে তাদের বিপক্ষে আমাদের ভুগতে হবে। তাদের বিপক্ষে ম্যাচে ভালো করতে হলে আমাদের পারস্পরিক ত্যাগের মানসিকতা থাকতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, অতীতে এই দল যেমন পারফরম করেছে, তেমনটা করতে পারি, তাহলে আমি আশাবাদী-আমরা পারব।”