০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

১৬ ঘন্টা বিমানবন্দরে আটকে থেকে নাইজেরিয়ার ম‍্যাচ বয়কট

লিবিয়ায় ম‍্যাচ ভেন‍্যু থেকে অনেক দূরের একটি বিমানবন্দরে লম্বা সময় আটকে থাকায় ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 08:20 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাই পর্বে লিবিয়ার বিপক্ষে ম‍্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে নাইজেরিয়া। অধিনায়ক উইলিয়াম ট্রস্ট-একং জানিয়েছেন, ম‍্যাচ ভেন‍্যু থেকে অনেক দূরের একটি বিমানবন্দরে তাদের ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে রাখার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বেনগাজিতে লিবিয়ার বিপক্ষে খেলার কথা ছিল নাইজেরিয়ার। 

ভেন‍্যু থেকে আড়াইশ কিলোমিটার দূরের একটি বিমানবন্দরে ১৬ ঘণ্টার বেশি সময় আটকে থাকা নাইজেরিয়ার খেলোয়াড়রা জানিয়েছেন, নির্ধারিত সূচিতে খেলবেন না তারা। অধিনায়ক ট্রস্ট-একং এক্সে লিখেছেন, দেশে ফিরে যাচ্ছেন তারা।

“অধিনায়ক হিসেবে, দলের সঙ্গে ঐক‍্যবদ্ধ আছি। আমরা ঠিক করেছি, এই ম‍্যাচ খেলব না। এইযে আমাদের কথা বলার সময় বিমানে জ্বালানি ভরা হচ্ছে, দ্রুতই নাইজেরিয়ার উদ্দেশে আমাদের যাত্রা শুরু হবে।” 

নাইজেরিয়ার স্ট্রাইকার ভিক্টর বোনফেইস এক্সে প্রায় ১৩ ঘণ্টা ধরে কোনো খাবার, ওয়াইফাই কিংবা ঘুমানোর জায়গা না পাওয়ার অভিযোগ করে লিখেছেন, “আফ্রিকা, আমরা আরও ভালো করতে পারি।” 

নাইজেরিয়া ফুটবল ফেডারেশন বলেছে, দলের চার্টার ফ্লাইটের গন্তব‍্য ছিল বেনগাজি। তবে কোনো বিকল্প বাহনের ব‍্যবস্থা না রেখেই গতিপথ পাল্টে সেটাকে অনেক দূরে আল আবরাক আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়।

এই বিষয়ে আফ্রিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কোনো মন্তব‍্য এখনও পাওয়া যায়নি।

লিবিয়ান ফুটবল ফেডারেশনের দাবি, এই ঘটনা ইচ্ছাকৃত নয়। তারা নাইজেরিয়াকে পরিস্থিতি উপলব্ধি করার আহ্বান জানিয়ে বলেছেন, এটা নাশকতা নয়।

এই ম‍্যাচের পয়েন্ট নিয়ে কী হবে সেটা এখনও পরিষ্কার নয়। সম্ভবত এই ব‍্যাপারে সিদ্ধান্ত নেবে আফ্রিকান ফুটবলের শৃঙ্খলা কমিটি।

গত শুক্রবার লিবিয়াকে ১-০ গোলে হারানো নাইজেরিয়া ৩ ম‍্যাচে ৭ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের চূড়ায়। ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বেননি। রুয়ান্ডার পয়েন্ট ২, লিবিয়ার ১।

গ্রুপের শীর্ষ দুই দল খেলবে আগামী বছর মরক্কোয় অনুষ্ঠেয় আফ্রিকা কাপ অব নেশন্সের চূড়ান্ত পর্বে।