কীর্তনখোলায় উদ্ধারকারী নৌযান নির্ভীকের ক্রেন ভেঙে ২ হাউজ বোট ক্ষতিগ্রস্ত
দুর্ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বরিশালে কীর্তনখোলা নদীর তীরে নোঙ্গর করে রাখা উদ্ধারকারী নৌযান নির্ভীকের ক্রেন ভেঙে পড়েছে। এতে বিআইডব্লিউটিএর অপর দুইটি হাউজ বোটের ক্ষতি হয়েছে।
তবে নগরীর মুক্তিযোদ্ধা পার্কের সামনে নদীর ঘাটের এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার সাপ্তাহিক মহড়া ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ক্রেনটি ভেঙে পড়ে বলে নৌযানটির কমান্ডার আব্দুল্লাহ আল বাকী জানিয়েছেন।
কমান্ডার আব্দুল্লাহ আল বাকী বলেন, “প্রতি সপ্তাহে আমরা রক্ষণাবেক্ষণ ও মহড়া দেই। এর ধারাবহিকতায় আজকে লুপগুলো গুটিয়ে ১০ ডিগ্রি ডাউন করা হয়। সেই সময় বিকট আওয়াজ পাওয়া যায়। তখন অপারেটর পিছনের ক্র্যাচার লাগানোর চেষ্টা করলেও লাগাতে পারেনি।
“৫ সেকেন্ডের মধ্যে ক্রেনটি ডাউন হয়ে আমাদের হাউজ বোটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।”
বর্তমানে নির্ভীক ঝুঁকিতে রয়েছে জানিয়ে তিনি বলেন, “কোনোভাবে হাউজ বোট সরে যায়, কিংবা ডুবে যায় তাহলে নির্ভীকের সমস্যা হবে। সেই জন্য আমাদের সেইম একটি জাহাজ রয়েছে প্রত্যয়, সেটি রওনা হয়েছে। সেটি এলে আমরা ঝুঁকি থেকে বের হতে পারব।”
কোন ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক চিহ্নিত করা যায়নি। এ বিষয়ে কমান্ডার বাকি বলেন, “সংশ্লিষ্ট প্রকেীশলীরা আছেন, আমাদের প্রধান প্রকৌশলী আছেন। তারা আসবেন, তারা এসে বলতে পারবেন কি কারণে এটা ঘটেছে।”
তিনি জানান, নৌযানটির উত্তোলন ক্ষমতা ২৫০ টন। রানীগঞ্জের ফেরি উদ্ধারসহ বেশ কয়েকটি উদ্ধার অভিযান নির্ভীক দিয়ে পরিচালনা করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেছেন, “দুর্ঘটনার কারন ও ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন পেলে কারণ ও ক্ষতির পরিমাণ বলতে পারবো।
