জানুয়ারির দলবদলে ব্যয়ের রেকর্ড
খেলোয়াড় দলে টানায় খরচের দিক থেকে সবাইকে পেছনে ফেলেছে ইংলিশ ক্লাবগুলো।
সদ্য শেষ হওয়া দলবদলে ইংলিশ ক্লাবগুলোর ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। এতে সব মিলিয়ে জানুয়ারির এই উইন্ডোতে খরচ চলে গেছে ধরাছোঁয়ার বাইরে। খেলোয়াড় দলে টানার দিক থেকে এবারের দলবদল ভেঙে দিয়েছে ছেলেদের ফুটবলের সব রেকর্ড।
ফিফা বৃহস্পতিবার জানিয়েছে যে, সবশেষ দলবদলে অতীতের যেকোনো সময়ে চেয়ে বেশি চুক্তি সম্পন্ন হয়েছে এবং এর পেছনে ক্লাবগুলোকে খরচ হয়েছে ১৫৭ কোটি ডলার।
নারী ফুটবলের চিত্রটাও একই। বিশ্ব জুড়ে ক্লাবগুলোতে গত জানুয়ারিতে ঠিকানা বদলেছেন ৩৪১ জন খেলোয়াড়, যা শীতকালীন উইন্ডোর ইতিহাসে সর্বোচ্চ। গত বছরের চেয়ে এবার এই সংখ্যাটা বেড়েছে ৩০.২ শতাংশ। ক্লাবগুলো খরচ হয়েছে রেকর্ড প্রায় পৌনে আট লাখ ডলার।
ফিফার ইন্টারন্যাশনাল ট্রান্সফার স্ন্যাপশটের ২০২৩ সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী, গত দলবদলে ছেলেদের ফুটবলে মোট ৪ হাজার ৩৮৭টি দলবদল হয়েছে। ২০১০ সালে ট্রান্সফার ম্যাচিং সিস্টেম চালু হওয়ার পর থেকে যা সর্বোচ্চ। ২০১৮ সালের জানুয়ারির চেয়ে এবার ২৩ কোটি ডলার বেশি খরচ হয়েছে।
গত বছরের জানুয়ারির চেয়ে এবার খেলোয়াড়দের ক্লাব বদল বেড়েছে ১৪.৪ শতাংশ। একই সময়ে আগের উইন্ডোর তুলনায় এবার ট্রান্সফার ফি-এর পরিমাণ ৪৯.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
খরচের দিক থেকে বড় ব্যবধানে সবাইকে পেছনে ফেলেছে ইংলিশ ক্লাবগুলো। খেলোয়াড় দলে টানায় তারা ৮৯ কোটি ডলারের বেশি গুনেছে, যা মোট খরচের ৫৭.৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ফরাসি ক্লাবগুলোর খরচের পরিমাণ ১৩ কোটি ১০ লাখ ডলার।
