১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘ফুটবলে অনেক কিছু হতে পারে’, ঘুরে দাঁড়ানোর আশায় গুয়ার্দিওলা ও সিলভা

খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে চাঙা রাখতে ম্যাচের আগের দিন অনুশীলন বাতিল করে তাদের বিশ্রাম দেন ম্যানচেস্টার সিটির কোচ।

‘ফুটবলে অনেক কিছু হতে পারে’, ঘুরে দাঁড়ানোর আশায় গুয়ার্দিওলা ও সিলভা
সংবাদ সম্মেলনে পেপ গুয়ার্দিওলা (বাঁয়ে) ও বের্নার্দো সিলভা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 11:04 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

প্রথম লেগে তিন গোলের ব্যবধানে হেরে গেলে কাজটা সবসময়ই ভীষণ কঠিন। তবে আত্মবিশ্বাসের কমতি নেই ম্যানচেস্টার সিটি শিবিরে। দলটির কোচ পেপ গুয়ার্দিওলা ও অধিনায়ক বের্নার্দো সিলভার দৃঢ় বিশ্বাস, অবিশ্বাস্য প্রত্যাবর্তনের আরেক গল্প রচনা করতে পারবেন তারা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রেয়াল মাদ্রিদের মাঠে ৩-০ গোলে হেরেছে সিটি। মঙ্গলবার ইংলিশ ক্লাবটির মাঠে হবে ফিরতি লেগ।

আগের দিন সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা বললেন, এই ব্যবধান ঘুচিয়ে দেওয়ার সামর্থ্য যে তাদের আছে, সেটা খেলোয়াড়দের বোঝানোর প্রয়োজন নেই।

“১০ বছর পর এসে আমার খেলোয়াড়দের তাদের বিশ্বাস সম্পর্কে বোঝাতে হবে? তারা আমাকে বেশ ভালোভাবে চেনে। প্রতিটি ম্যাচে আমরা চেষ্টা করি। এবারও ব্যতিক্রম হবে না। আমি নিশ্চিত, তারা চেষ্টা করবে।”

“ফুটবল ম্যাচে অনেক কিছু হতে পারে। প্রথমে মনোযোগ দিতে হবে এবং ম্যাচ জেতার চেষ্টা করতে হবে, তারপর আমরা দেখব কী হয়। আমার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। শুধু চেষ্টা করে দেখব।”

ম্যাচের আগের দিন অনুশীলন বাতিল করে খেলোয়াড়দের বিশ্রাম দেন গুয়ার্দিওলা। এই মৌসুমে আরও দুইবার এমন কিছু করেছিলেন অভিজ্ঞ এই স্প্যানিশ কোচ। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-১ গোলে ও প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ৫-৪ গোলে জিতেছিল সিটি।

আসছে ম্যাচটি সাত দিনের মধ্যে সিটির তৃতীয় ম্যাচ। দলকে শারীরিক ও মানসিকভাবে চাঙা রাখতে তাদের বিশ্রাম দেওয়ার কথা বলেছেন গুয়ার্দিওলা।  

“কাজটা অনেক বড়, রেয়াল মাদ্রিদের বিপক্ষে তিনটির বেশি গোল করা সহজ নয়। প্রথম লেগের ফল নিখুঁত হয়নি, কিন্তু একই সঙ্গে আমরা এখনও লড়াইয়ে আছি। এটা ফুটবল খেলা, সবকিছু হতে পারে।”

চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রেয়ালের বিপক্ষে তিনটির বেশি গোল করার একাধিক নজির অবশ্য সিটির আছে। ২০২১-২২ মৌসুমে সেমি-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ৪-৩ গোলে জিতেছিল প্রিমিয়ার লিগের দলটি। পরের মৌসুমে আবার সেমি-ফাইনালেই ঘরের মাঠে ফিরতি লেগে সিটি জিতেছিল ৪-০ গোলে।

তাই কিছুতেই হাল ছাড়ছেন না সিলভা। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয় এই মিডফিল্ডারের কণ্ঠে।

“এই খেলাটি আমাদের শিখিয়েছে যে, অনেক কিছু হতে পারে। যদিও মাদ্রিদের ফলটা সত্যিই বাজে ছিল, আমরা শেষ পর্যন্ত লড়াই করব।”