১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

এমবাপের জোড়া গোলে ইউরোর মূল পর্বে ফ্রান্স

ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় কিংবদন্তি মিশেল প্লাতিনিকে ছাড়িয়ে গেছেন এমবাপে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 02:46 AM

Updated : 14 Oct 2023, 03:36 AM

ক্লাবের হয়ে দুর্ভাবনার কারণ হয়ে ওঠা গোলখরা জাতীয় দলের হয়ে মাঠে নেমেই ঝেড়ে ফেললেন কিলিয়ান এমবাপে। দুই অর্ধে একবার করে বল পাঠালেন জালে। অধিনায়কের নৈপুণ্যে নেদারল্যান্ডসকে আবারও হারিয়ে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা পাকা করল ফ্রান্স।

আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় শুক্রবার রাতে ২-১ গোলে জিতেছে ফ্রান্স। শেষ দিকে ডাচদের একমাত্র গোলটি করেন কিলেন্ডশি হার্টমান।

এবারের ইউরো বাছাইয়ে ছয় ম্যাচ খেলে সবকটিতেই জিতল দিদিয়ে দেশমের দল। আর পাঁচ ম্যাচ খেলে দ্বিতীয়বার হারের তেতো স্বাদ পেল নেদারল্যান্ডস।

এমবাপের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে দলের মধ্যে কিছুটা শঙ্কার জায়গা হয়তো ছিল। পিএসজির হয়ে সবশেষ চার ম্যাচে যে জালের দেখা পাননি তিনি। তবে দেশের হয়ে মাঠে নেমেই সেসব তুড়ি মেরে উড়িয়ে দিলেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।

সপ্তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের থ্রু পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে দারুণ ক্রস বাড়ান জোনাতঁ ক্লস। আর ছয় গজ বক্সের মুখে থেকে নিখুঁত ভলিতে জালে বল পাঠান এমবাপে।

২৭তম মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নেদারল্যান্ডস। বক্সে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন মিডফিল্ডার জোয়ি ফিয়ারমান। আট মিনিট পর তরুণ মিডফিল্ডার চাভি সিমোন্সের নিচু শট ঠেকিয়ে ব্যবধান ধরে রাখেন ফরাসি গোলরক্ষক মাইক মিয়াঁ।

বিরতির আগে বিপদে পড়তে পারত ফ্রান্স। ডাচ ডিফেন্ডার কিলেন্ডশি হার্টমান দূর থেকে চেষ্টা করেন। তার শট সোজাসুজি হওয়া সত্ত্বেও একটু তালগোল পাকান গোলরক্ষক মিয়াঁ, বল তার হাত থেকে ছুটে এক ড্রয়ে জালে ঢুকতে যাচ্ছিল। দ্বিতীয় প্রচেষ্টায় আটকান এসি মিলান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে এমবাপের দ্বিতীয় গোলে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় ফ্রান্স। আদ্রিওঁ রাবিওর পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে উঁচু কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জালে বল পাঠান এমবাপে।

ডাচদের বিপক্ষে প্রথম লেগের লড়াইয়েও জোড়া গোল করেছিলেন এমবাপে। দ্বিতীয় গোলটির সৌজন্যে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিশেল প্লাতিনিকে (৪১) ছাড়িয়ে এককভাবে চতুর্থ স্থানে বসলেন এমবাপে, তার গোল হলো ৪২টি। ২৪ বছর বয়সী তারকার ওপরে আছেন গ্রিজমান (৪৪), থিয়েরি অঁরি (৫১) এবং অলিভিয়ে জিরু (৫৪)। 

আক্রমণ-পাল্টা আক্রমণে শেষ দিকে লড়াই আরও জমে ওঠে। ৮৩তম মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান কমান হার্টমান।

বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে প্রতিপক্ষের পায়ের ফাঁক দিয়ে সতীর্থকে ছোট পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর ফিরতি পাস ধরে আরও সামনে এগিয়ে দুরূহ কোণ থেকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন অভিষিক্ত হার্টমান।

এবারের বাছাইয়ে এই প্রথম গোল হজম করল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তিন মিনিট পর ভাগ্য সহায় থাকলে এমবাপের হ্যাটট্রিক হতে পারত। তবে, তার জোরাল শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারে বাধা পায়।

ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স।

দিনের অন্য ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে দুইয়ে উঠেছে গ্রিস। তাদের পয়েন্ট ১২। আর তৃতীয় স্থানে নেমে যাওয়া নেদারল্যান্ডসের পয়েন্ট ৯, অবশ্য একটি ম্যাচ কম খেলেছে তারা।

পুরানো খবর:

রোনালদোর জোড়া গোল, সাতে সাত পর্তুগাল ইউরোর মূল পর্বে