ফাইনাল নয় আরও সমস্যা নিয়ে ভাবনায় ইউনাইটেড কোচ আমুরি
ইউরোপা লিগের শিরোপা নয় ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন আমুরি ভাবনা দলের সংস্কৃতির মতো ব্যাপারগুলো নিয়ে।
দুঃসময়ের মধ্য দিয়ে পথ চলা ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে এ মৌসুমটা কিছুটা প্রাপ্তির আনন্দ নিয়ে শেষ করার উপলক্ষ্য একটাই- ইউরোপা লিগের ফাইনাল। সবাই যখন এই ফাইনাল নিয়ে ভাবনায় ব্যস্ত, তখন দলটির কোচ হুবেন আমুরির মনে হচ্ছে, এর চেয়েও বড় বিষয়গুলো নিয়ে ভাবনার জায়গা আছে তাদের।
১৯৭৪ সালে শীর্ষ লিগ থেকে অবনমনের পর এ মৌসুমে সবচেয়ে বাজে অবস্থায় আছে ইউনাইটেড। সবশেষ ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়ার পর লিগে টেবিলে বর্তমানে তাদের অবস্থান ১৬তম। অভাবনীয় বটে!
আমুরি তাই আগামী টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে আগামী ২২ মে’র ফাইনালের চেয়েও অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে যে মনোযোগ দেওয়া জরুরি, তা মনে করিয়ে দিলেন।
“এখানে সবাই যারা আছেন, তাদের গুরুত্ব দিয়ে আরও অনেক বিষয় ভাবতে হবে। সবাই ইউরোপা লিগের ফাইনাল নিয়ে ভাবছে। এই ফাইনাল কোনো ইস্যু নয়। আমাদের আরও বড় বিষয় নিয়ে চিন্তার জায়গা আছে।”
“আমি নিজেকে নিয়ে এবং এই ক্লাবের, এই দলের সংস্কৃতি নিয়ে ভাবছি। আমাদের এটা বদলাতে হবে, কেননা, এটিই এই ক্লাবের ইতিহাসে নির্ণায়ক মুহূর্ত।”
ইউরোপা লিগের ফাইনাল ভাবনার জন্য খুবই ‘ছোট বিষয়’ বলে মনে হচ্ছে আমুরির। এই পর্তুগিজ কোচ বরং ভাবতে চান আরও বড় পরিসরে।
“এই ফাইনাল আমাদের ক্লাবের জন্য সবচেয়ে ছোট সমস্যা। আমাদের কিছু বিষয় বদলাতে হবে যেগুলো এটার চেয়ে আরও গভীর। প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলা আমাদের জন্য চাঁদের নাগাল পাওয়া। আমাদের এটা জানা দরকার।”
“আমি ইউরোপা লিগের ফাইনাল নিয়ে চিন্তিত নই। এদিকে দৃষ্টি থাকবে, কিন্তু আমি জানি না কোনটা আমাদের জন্য সেরা। চ্যাম্পিয়ন্স লিগে খেলা নাকি না খেলা, (এটা নিয়ে ভাবতে হবে)।”
