১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমুরিতে আস্থা রাখা ইউনাইটেডের জন‍্য ‘সঠিক সিদ্ধান্ত’, মত মরিনিয়োর

প্রথম মৌসুম ভীষণ বাজে কাটলেও হুবেন আমুরিকে ওল্ড ট্র্যাফোর্ডে দেখতে চান ইউনাইটেডের সাবেক কোচ জোসে মরিনিয়ো।

আমুরিতে আস্থা রাখা ইউনাইটেডের জন‍্য ‘সঠিক সিদ্ধান্ত’, মত মরিনিয়োর
ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলারদের সঙ্গে কোচ হুবেন আমুরি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 08:51 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

দুঃস্বপ্নের মৌসুম কাটানোর পরও এখন পর্যন্ত হুবেন আমুরিকেই কোচ হিসেবে দায়িত্বে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাবটির এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন তাদের সাবেক কোচ জোসে মরিনিয়ো। পর্তুগিজ কোচের মতে, আমুরিকে সময় দিয়ে সঠিক কাজটিই করছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।

পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবন ছেড়ে গত নভেম্বর ইউনাইটেডে এরিক টেন হাগের স্থলাভিষিক্ত হন আমুরি। ব্যর্থতার বৃত্তে বন্দি ক্লাবটিকে তিনিও ফেরাতে পারেননি পথে। নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে মৌসুম কাটিয়ে প্রিমিয়ার লিগে ১৫তম হয় দলটি।

ইউরোপা লিগ জিতে আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ ছিল ইউনাইটেডের সামনে। কিন্তু ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১-০ গোলে হেরে সেই আশাও শেষ হয়ে যায় তাদের।

লিগ ম্যাচে গত রোববার অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে এবারের মৌসুম শেষ করে ইউনাইটেড। ওই ম্যাচের পর বাজে মৌসুমের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চান আমুরি।

ধারণা করা হচ্ছিল, ইউনাইটেডের দায়িত্ব হারাতে পারেন এই কোচ। কিন্তু সেই পথে হাঁটেনি ক্লাবটি। স্কাই স্পোর্টসে আলাপকালে এটাকে সঠিক সিদ্ধান্ত বলেন ২০১৭ সালে ইউনাইটেডকে ইউরোপা লিগ জেতানো কোচ মরিনিয়ো।

“আমি যা পড়েছি, যত বছর ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না, সেটা বিবেচনায় ইউরোপা লিগ ফাইনালে হার তাদের ওপর অনেক বড় প্রভাব ফেলেছে।”

“তবে, একই সঙ্গে মনে হচ্ছে তারা হুবেনকে (আমুরি) সমর্থন করছে। এগিয়ে যেতে তাকে সময় ও সুযোগ দিচ্ছে।”

ইউরোপিয়ান প্রতিযোগিতায় আরেকবার খেলার টিকেট নিশ্চিত করতে না পারাকে আগামী মৌসুমে ভালো করার রসদ হিসেবে দেখার কথা বলেছেন আমুরি। স্বদেশী কোচের এসব কথা চোখে পড়েছে মরিনিয়োর।

৪০ বছর বয়সী আমুরির এখনকার অবস্থা নিজের সঙ্গে মেলাতে পারছেন ৬২ বছর বয়সী মরিনিয়ো।

“যখন আমি পোর্তোতে গিয়েছিলাম তখন আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। আমি জানুয়ারিতে (২০০২) গিয়েছিলাম, ছয় মাস খুব কঠিন ছিল। আমরা উয়েফা কাপে খেলার যোগ্যতা অর্জন করতেই সংগ্রাম করছিলাম এবং তারপর যা হওয়ার তা হয়েছে।”

পোর্তোতে নিজের প্রথম পূর্ণ মৌসুমে ট্রেবল জিতেছিলেন মরিনিয়ো- পর্তুগিজ লিগ, পর্তুগিজ কাপ ও উয়েফা কাপ। পরের মৌসুমে তার কোচিংয়ে পর্তুগিজ কাপ ধরে রাখার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জেতে পোর্তো।