২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

জেভেরেভের স্বপ্ন গুঁড়িয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন আলকারাস

এই নিয়ে দুবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে শিরোপা অধরাই রয়ে গেল জার্মান তারকা আলেক্সান্ডার জেভেরেভের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 01:05 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

কয়েক দফায় পাল্টাল ম্যাচের মোড়। শক্ত চ্যালেঞ্জ জানালেন আলেক্সান্ডার জেভেরেভ। তবে পিছিয়ে পড়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন কার্লোস আলকারাস। শেষ দু্ই সেটে দাপুটে পারফরম্যান্সে, প্রতিপক্ষের স্বপ্ন ভেঙে ফরাসি ওপেনের শিরোপা জিতলেন স্প্যানিশ তারকা।

পুরুষ এককের ফাইনালে রোববার শুরুটা দারুণ হয় আলকারাসের। বেশ সহজেই জেতেন প্রথম সেট। এরপরই জেভেরেভের ঘুরে দাঁড়ানোর পালা। পরপর দুই সেট জিতে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন জোরাল করেন তিনি। কিন্তু, পরে আর ছন্দ ধরে রাখতে পারেননি জার্মান তারকা।

চার ঘণ্টা ১৯ মিনিটের পাঁচ সেটের লড়াইয়ে ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১, ৬-১ গেমে জিতে প্রথমবারের মতো এই ট্রফি উঁচিয়ে ধরেন আলকারাস।

তৃতীয় সেটে এক পর্যায়ে ৫-২ গেমে এগিয়ে ছিলেন আলকারাস। সেখান থেকে টাইব্রেকারে টেনে নিয়ে এক ঘণ্টা ৫ মিনিটে সেটটি জিতে এগিয়ে যান জেভেরেভ। জোরাল হয় ২৭ বছর বয়সী এই তারকার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সম্ভাবনা।

কিন্তু, সেখান থেকে অভাবনীয়ভাবে পথ হারিয়ে ফেলেন চতুর্থ বাছাই জেভেরেভ। পরের দুই সেটে একের পর এক তার সার্ভিক ব্রেক করে ক্যারিয়ারে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় করেন আলকারাস। ২১ বছর বয়সী তারকা আগের দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ২০২২ ইউএস ওপেন ও ২০২৩ উইম্বলডনে।

ক্লে কোর্টের এই শিরোপা জয়ের সঙ্গে সবচেয়ে কম বয়সে তিন ধরনের কোর্টের সবকটিতেই গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়লেন তৃতীয় বাছাই আলকারাস।

স্পেনের মুরিসিয়ায় জন্ম আলকারাসের। সেখানে ক্লে কোর্টে খেলেই বেড়ে উঠেছেন তিনি, দেখেছেন ফরাসি ওপেন জয়ের স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন এবার সত্যি হলো। ফোরহ্যান্ড শটে ম্যাচ পয়েন্ট নিশ্চিত হওয়া মাত্রই এখানে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের উদযাপনের মতো কোর্টে পিঠ দিয়ে শুয়ে পড়েন আলকারাস।

পরে তার কথায়ও মিশে রইল এতদিনের স্বপ্ন সত্যি হওয়ার উচ্ছ্বাস।

“আমি টেলিভিশনে এই টুর্নামেন্ট দেখতাম আর এখন এই ট্রফি ধরে আছি।”

অন্যদিকে, এই নিয়ে দুবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে শিরোপা অধরাই রয়ে গেল জেভেরেভের। এর আগে ২০২০ সালের ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন তিনি, সেবারও পাঁচ সেটের লড়াইয়ে হেরে গিয়েছিলেন ডমিনিক টিমের বিপক্ষে।