২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পনা কাজে লাগায় খুশি মার্তিনেস

আর্জেন্টাইন ফরোয়ার্ডের মতে, যোগ্য দল হিসেবেই হন্ডুরাসের বিপক্ষে জিতেছেন তারা।

পরিকল্পনা কাজে লাগায় খুশি মার্তিনেস

লাউতারো মার্তিনেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 08:11 PM

Updated : 24 Sep 2022, 08:19 PM

শুরু থেকে শেষ, কখনোই সেভাবে আর্জেন্টিনার রক্ষণে ভীতি ছড়াতে পারেনি হন্ডুরাস। পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে লিওনেল মেসি ও তার সতীর্থরা। সব পরিকল্পনা মাঠে নেমে সঠিকভাবে বাস্তবায়ন করতে পেরে খুশি আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শুরুতে দলকে এগিয়ে নেওয়া গোলটি করেন মার্তিনেস। ষোড়শ মিনিটে স্লাইড শটে ফাঁকা জালে বল পাঠান তিনি। বাকি দুই গোল লিওনেল মেসির।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২১ গোল করা মার্তিনেস টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যোগ্য দল হিসেবেই জিতেছেন তারা।

“এতদিন ধরে আমরা ধারাবাহিকভাবে যে পারফরম্যান্স দেখিয়ে আসছি, সেই ধারা ধরে রাখার লক্ষ্যে দীর্ঘদিন পর আবার একত্রিত হয়েছি। এভাবেই এগিয়ে যেতে চাই।”

“ম্যাচটা খুব কঠিন ম্যাচ ছিল। তারা শক্তিনির্ভর ফুটবল খেলছিল এবং অনেক ফাউল করছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা যে পরিকল্পনা করেছিলাম, আমার মনে হয় সেটা কাজে দিয়েছে। যোগ্য দল হিসেবেই আমরা জিতেছি।”

বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে আছে আর্জেন্টিনা। রেকর্ড ৩৪ ম্যাচে অপরাজিত তারা। মার্তিনেসও খেলছেন দারুণ। দল ও নিজের ফর্মের ধারা বিশ্বকাপেও বয়ে নিতে আশাবাদী ২৫ বছর বয়সী স্ট্রাইকার।

“বিশ্বকাপের আগে আর খুব বেশি সময় বাকি নেই। সত্যি আমি খুব খুশি এবং আশা করছি (বিশ্বকাপে) আমরা এই পারফরম্যান্স ধরে রাখতে পারব।”

আগামী বুধবার জ্যামাইকার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের বিশ্বকাপ অভিযান। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।