স্প্যানিশ ফুটবল
Published : 30 Aug 2025, 09:57 PM
চোট থাবা দিয়েছে মিডফিল্ডার গাভির শরীরে। আপাতত তাকে পাচ্ছে না বার্সেলোনা ও স্পেন দল। কাতালান ক্লাবটির প্রধান কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর তরুণ ফুটবলারকে পাওয়ার আশা করছেন তারা।
ডান হাঁটুর চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন গাভি। শুক্রবার অনুশীলনের সময় চোট পেয়েছেন ২১ বছর বয়সী এই ফুটবলার।
চলতি মৌসুমে বার্সেলোনার প্রথম দুই লিগ ম্যাচেই খেলেছেন গাভি। রোববার রায়ো ভাইয়েকানোর মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে গাভির চোটের অবস্থা নিয়ে কথা বলেন ফ্লিক।
“গাভিকে নিয়ে পরিকল্পনা হলো, ভালেন্সিয়া ম্যাচে (১৪ সেপ্টেম্বর) তাকে পাওয়া যেতে পারে। দেখা যাক, সে কত দ্রুত সেরে ওঠে। গতকালের চেয়ে আজ তাকে ভালো মনে হয়েছে। আমরা ইতিবাচক আছি।”
এর আগে ডান হাঁটুরই এসিএল চোটে পড়েছিলেন গাভি। তখন ১১ মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। ফলে ২০২৩-২৪ মৌসুমের অনেকটা সময় এবং গত মৌসুমের শুরুর দিকে তাকে পায়নি বার্সেলোনা।
সেরে উঠে বার্সেলোনার লিগ শিরোপা পুনরুদ্ধারের মৌসুমে ২৬টি লা লিগা ম্যাচ খেলে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন গাভি।
সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে গাভিকে রেখেছিল স্পেন। কিন্তু শনিবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারছেন না তিনি।
আগামী ৪ সেপ্টেম্বর বুলগেরিয়ার মাঠে খেলবে স্প্যানিশরা। এর তিন দিন পর তারা লড়বে তুরস্কের বিপক্ষে।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ‘ই’ গ্রুপে পড়েছে স্পেন। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ জর্জিয়া।