২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল করলেও আলিসনকে দোষ দিতে নারাজ লিভারপুল কোচ

উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ম্যাচে দুই গোল হজম করেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2023, 05:56 PM

Updated : 08 Jan 2023, 06:11 PM

আলিসনের করা বড় এক ভুল থেকেই প্রথম গোল হজম করে লিভারপুল। ম্যাচের বাকিটা সময়েও সেরা ছন্দে ছিলেন না এই গোলরক্ষক। শেষ পর্যন্ত এফএ কাপের তৃতীয় রাউন্ডে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ড্র করে ‘অলরেড’ খ্যাত দলটি। তবে ব্রাজিলিয়ান গোলরক্ষককে কাঠগড়ায় দাঁড় করাতে চান না ইয়ুর্গেন ক্লপ। আলিসনের কাঁধে আস্থার হাত রেখে লিভারপুল কোচ জানালেন, প্রচেষ্টার কোনো ঘাটতি ছিল না তার শিষ্যের। 

অ্যানফিল্ডে গত শনিবারের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। শুরুতে পিছিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে দারউইন নুনেস ও মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। উলভারহ্যাম্পটনের দুই গোলদাতা গন্সালো গেয়াদিস ও হোয়াং হি-চ্যান। 

উলভারহ্যাম্পটনের ২৬তম মিনিটের প্রথম গোলটিতে আলিসন করে বসেন মস্ত বড় ভুল। সতীর্থের ব্যাক পাস থেকে বল পেয়ে ক্লিয়ার না করে পাস দিতে শট নেন, যা সরাসরি চলে যায় বক্সের মধ্যে থাকা গেয়াদিসের এর কাছে। সুযোগ হাতছাড়া না করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। 

হোয়াং হি-চ্যানের গোলেও দায় আছে সাবেক নাপোলি গোলরক্ষকের। দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ডের শট আহামরি ছিল না। কিন্তু আলিসনের বাহুর নিচ দিয়ে ঠিকানা খুঁজে নেয়। 

তবে ম্যাচ শেষে আলিসনকে আগলে রাখলেন ক্লপ। আইটিভি স্পোর্টের সঙ্গে আলাপচারিতায় জার্মান কোচ বলেন, প্রতিপক্ষ যথেষ্ট ভালো খেলে তাদের চাপে ফেলে দিয়েছিল। 

“(দ্বিতীয়) গোলটি হওয়া উচিত ছিল না, তবে আমরা সবাই জানি যে, আলি (আলিসন) কতবার আমাদের বাঁচিয়েছে। এর আগেও তারা (উলভারহ্যাম্পটন) পাল্টা আক্রমণ করেছিল।” 

“(আদামা) ত্রাওরে যখন বল পায়, সবসময়ই তা বিপজ্জনক হয়, আমরা তা দেখতে পাচ্ছিলাম। দারুণ একটি গোলে আমরা সমতা টেনেছিলাম, তারা লড়াই বজায় রেখেছিল এবং আমাদের খুব সমস্যায় ফেলে দিয়েছিল।”