শাভিকেও চমকে দিলেন ইয়ামাল, মুগ্ধতা কাড়লেন সেতিয়েনের
১৬ বছর বয়সী এই উইঙ্গার সামনের দিনগুলোতে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়ে আছেন।
বয়স মাত্র ১৬ বছর। এ নিয়ে বার্সেলোনার জার্সিতে শুরুর একাদশে খেললেন সবে দ্বিতীয় ম্যাচে। কিন্তু এই দুই ম্যাচের ঝলকে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন লামিন ইয়ামাল। তরুণ এই প্রতিভাকে নিয়ে কোচ শাভি এর্নান্দেসের যেন বিস্ময়ের ঘোর কাটছে না। ভিয়ারিয়াল কোচ কিকে সেতিয়েনের দৃষ্টিতে ইয়ামাল এখনই ‘গ্রেট!’ সব মিলিয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলানার রোমাঞ্চকর জয়ের চেয়েও এই ইয়ামালই এখন আলোচনার মধ্যমণি!
ভিয়ারিয়ালের মাঠে শনিবার লা লিগার ম্যাচে ৪-৩ গোলে জিতে বার্সেলোনা। গাভি ও ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে শুরুতেই এগিয়ে যায় তারা। এরপরই দৃশ্যপটে আসে বদল। হুয়ান ফয়থ, আলেকজান্ডার সরলথ ও আলেক্স বায়েনার গোলে এক পর্যায়ে ৩-২ গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। বদলি নেমে ফেররান তরেস সমতা ফেরানোর পর রবের্ত লেভানদোভস্কির লক্ষ্যভেদে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লা লিগার শিরোপাধারীরা।
দুইবার পোস্ট পথ আগলে না দাঁড়ালে গোলের খাতায় নাম উঠতে পারত ইয়ামালেরও। তবে পায়ের দারুণ কারিকুরি আর বার্সেলোনার আক্রমণের সুর বেঁধে দিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনিই। এই উঠতি উইঙ্গারকে প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনা কোচ শাভি।
“অবশ্যই লামিন আর সবার মতো আমাকেও বিস্মিত করেছে। সে ভিন্ন মাত্রার খেলোয়াড়। স্মার্ট। সিদ্ধান্তগুলো, বিশেষ করে ফুটবল বিষয়ক সিদ্ধান্তগুলো ভালোভাবে নেয় এবং অধিকাংশ ক্ষেত্রে তার সিদ্ধান্তগুলো সঠিক হয়, যেটা একজন ফুটবল খেলোয়াড়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
এত অল্প বয়সে বার্সেলোনার সেরা একাদশে খেলা চাট্টিখানি কথা নয়। শাভি জানালেন ইয়ামালের সামর্থ্যে আস্থা ছিল বলেই সুযোগ দিয়েছেন তিনি।
“প্রত্যাশা অনেক উঁচুতে, আরও বেশি এবং সেটা আপনারা দেখতেও পাচ্ছেন। দিনশেষে সে শুরুর একাদশে সুযোগ পেয়েছিল কেবল কোচের চাওয়ার কারণে নয়, তার পার্থক্য গড়ে দেওয়ার যে সামর্থ্য আমরা দেখতে পাচ্ছি, সে কারণে।”
বছরের শেষ দিকে ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ইয়ামালকে নাও পেতে পারেন শাভি। ওই সময় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে স্পেনকে প্রতিনিধিত্ব করার জন্য ডাক পড়তে পারে তরুণ উইঙ্গারের। স্পেনের পাশাপাশি মরক্কোর হয়েও আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ রয়েছে তার। ভবিষ্যৎ সিদ্ধান্ত অবশ্য বার্সেলোনা কোচ ছেড়ে দিলেন তার উপরই।
“এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমি চাইব সে আমাদের সঙ্গে, স্প্যানিশ ফুটবল এবং স্পেনের সঙ্গে থাকুক, কিন্তু এটা একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সে কী করতে যাচ্ছে, তা নিয়ে সত্যি বলতে সে আমাকে কিছুই বলেনি।”
“আমি যেটা আশা করি, তা হচ্ছে এখানে, বার্সাতে সে অনেকগুলো বছর থাকবে। কেননা, সে এমন খেলোয়াড় যে একটা যুগের চিহ্ন রেখে যেতে পারে।”
ভিয়ারিয়ালের কোচ সেতিয়েনও অভিজ্ঞতার আতশী কাঁচ দিয়ে দেখেছেন ইয়ামালাকে। এই তরুণ যে আগামী দিনের তারকা, তা নিয়ে সংশয় নেই ৬৪ বছর বয়সী কোচের।
“লামিন ইয়ামাল একজন গ্রেট ফুটবলার। এটা খুবই পরিষ্কার। আমরা সবাই সেটা দেখছি।”
যাকে নিয়ে এত আলোচনা, সেই লামিন অবশ্য মাটিতেই পা রাখছেন। সামনের দিনগুলোতে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করতে উন্মুখ হয়ে আছেন তিনি।
“কোচ আমাকে যে সুযোগগুলো দেবেন, তার সবগুলোই নেওয়ার চেষ্টা করব আমি। আমি ভীত নই। চেষ্টা করি ফুটবল খেলার, এটাই আমি সবচেয়ে ভালো পারি।”
“যখন ফুটবল শুরু করেছিলাম, মা আমাকে নিয়ে ভয় পেত, কিন্তু এখন তিনি আমাকে অনেক সমর্থন করেন।”
