চলে গেলেন আর্সেনাল-এভারটনের সাবেক স্ট্রাইকার ও ধারাভাষ্যকার ক্যাম্পবেল
অসুস্থতায় ভুগে ৫৪ বছর বয়সে মারা গেছেন কেভিন ক্যাম্পবেল।
আর্সেনাল, এভারটন, নটিংহ্যাম ফরেস্টের সাবেক স্ট্রাইকার ও ধারাভাষ্যকার কেভিন ক্যাম্পবেল আর নেই। ৫৪ বছর বয়সে মারা গেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অসুস্থ হয়ে দুই সপ্তাহ হাসপাতালে থাকার পর শনিবার তার মৃত্যুর ঘোষণা আসে।
আর্সেনালের হয়ে পেশাদার ফুটবলে ক্যাম্পবেলের অভিষেক হয় ১৯৮৮ সালে। দুই মেয়াদে ধারেসহ সাত বছর দলটিতে কাটান তিনি, জেতেন চারটি বড় শিরোপা।
১৯৯৫ সালে তিনি যোগ দেন নটিংহ্যামে। সেখানে কাটান তিন বছর। ১৯৯৯ সালে এভারটনে যোগ দিয়ে দলটির হয়ে খেলেন সাত বছর।
প্রায় দুই দশকের লম্বা ক্যারিয়ারে সব মিলিয়ে ৫৪২ ম্যাচ খেলে ১৪৮ গোল করেন ক্যাম্পবেল।
২০০৭ সালে খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর ধারাভাষ্যে মনোযোগ দেন তিনি।
