২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যথেষ্ট হয়েছে, চলো তোমাদের বাড়ি পৌঁছে দেই’, ইংল্যান্ডকে নিয়ে উপহাস

ইংল্যান্ডের সাদামাটা পারফরম্যান্সে হতাশ সমর্থকরা মজা করতেও ছাড়ছে না দলকে নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2024, 10:23 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের পারফরম্যান্স মন ভরাতে পারছে না সমর্থকদের। আক্রমণে নেই ধার, তিন ম্যাচে কেইন-ফোডেনরা গোল করতে পেরেছেন স্রেফ দুটি। গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় উঠলেও, গারেথ সাউথগেটের দলের সাদামাটা পারফরম্যান্স নিয়ে বইছে আলোচনা-সমালোচনার স্রোত। হতাশ সমর্থকরা মজা করতেও ছাড়ছে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে।

সার্বিয়ার বিপক্ষে কোনোমতে ১-০ গোলের জয়ে ইউরো অভিযান শুরু করে ইংল্যান্ড। ‘খুবই বাজে পারফরম্যান্স’, ম্যাচের পর উত্তরসূরিদের নিয়ে বলেছিলেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়েরার। পরের দুই ম্যাচেও তাদের খেলায় ছিল তাড়নার অভাব।

ডেনমার্কের বিপক্ষে শুরুতে এগিয়ে গেলেও তারা ধরে রাখতে পারেনি ব্যবধান, ড্র করে ১-১ গোলে। ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে মঙ্গলবার ফের বিবর্ণ পারফরম্যান্সে স্লোভেনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে গত আসরের রানার্সআপরা। 

ম্যাচের পর আয়ারল্যান্ডভিত্তিক এয়ারলাইনস ‘রায়ানএয়ার’ সামাজিক মাধ্যম এক্স-এ লেখে, “যথেষ্ট হয়েছে, চলো তোমাদের বাড়ি পৌঁছে দেই।”

ইংল্যান্ড দলকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ‘মিম।’ এক ব্যক্তি যেমন একটি সাদা দেয়ালের সামনে চেয়ারে বসে আছেন, ক্যাপশনে লেখা, ‘ইংল্যান্ডের ফুটবল খেলা দেখছি।’ অনেকে ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, গ্যালারিতে ঘুমাচ্ছেন দর্শক।

আক্রমণভাগে হ্যারি কেইন, ফিল ফোডেনের মতো খেলোয়াড় থাকলেও, স্লোভেনিয়ার বিপক্ষে ৭৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মাত্র ৪টি শট লক্ষ্যে রাখতে পারে ইংল্যান্ড। তাদের অনেক সমর্থক ম্যাচ শেষের আগেই ছেড়ে যান গ্যালারি। যারা শেষ পর্যন্ত ছিলেন, তাদের অনেকে ছিলেন ক্ষুব্ধ। কয়েকজন বিয়ারের খালি কাপ ছুড়ে মারেন সাউথগেটের দিকে।

সাউথগেটের কোচিংয়েই গত আসরের ফাইনালে খেলে ইংল্যান্ড। ইতালির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় তারা। এবার সমর্থকদের হতাশার কারণ বুঝতে পারছেন সাউথগেট। তবে খেলোয়াড়দের পাশে থাকার জন্য সমর্থকদের কাছে অনুরোধ করলেন তিনি। 

“আমি বুঝতে পেরেছি (সমালোচনার কারণ)। আমি এর থেকে পালিয়ে যাব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সমর্থকদের দলের সঙ্গে থাকা।"

ইংল্যান্ডের শেষ ষোলোর প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।