২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলতে বেরিয়ে নিখোঁজ, পুকুরে জাল ফেলে মিলল ২ শিশুর লাশ

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না মেলায় বাড়ির লোকজন পুকুরে জাল ফেলে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 10:54 AM

Updated : 10 Sep 2026, 12:09 PM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ দুই শিশুর লাশ পুকুরে জাল ফেলে উদ্ধার করা হয়েছে।  

উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়ি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান।

মৃতরা হলেন-ওই বাড়ির শাহ পরানের ছেলে ওমর ফারুক (৬) ও একই বাড়ির জুয়েল আহমেদের ছেলে জিহাদ হোসেন মানিক (৫)।

নিহতদের পরিবারের বরাতে সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন বলেন, “ফারুক ও মানিক বিকালে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়। রাত ৮টা পর্যন্ত এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না মেলায় বাড়ির লোকজন পুকুরে জাল ফেলে।

“প্রায় আধা ঘণ্টা পরে একই জালে দুই শিশুর লাশ আটকে যায়। এর পরপরই তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।"

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা বলেন, “হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই ওই শিশুরা মারা গেছে।”

পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করা হবে।”