‘কুয়েতের বিপক্ষে চোখে চোখ রেখে লড়বে বাংলাদেশ’, সেমি-ফাইনাল নিয়ে প্রত্যয়ী কোচ
কুয়েতের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে জেনেও লড়াইয়ে কমতি রাখতে চান না বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা, বাংলাদেশ দলের সামনের পথচলায় সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান তিনি।
গত পাঁচটি সাফ বাংলাদেশ খেলেছে পাঁচ কোচের কোচিংয়ে। একবারও গ্রুপ পর্বের বৈতরণী পার হতে পারেনি দল। সেই দল এবার সেমি-ফাইনালে পৌঁছে গেল হাভিয়ের কাবরেরার হাত ধরে। এমন প্রাপ্তির দিনে উচ্ছ্বাসে ছাপ তেমন একটা দেখা গেল না তার চোখে-মুখে! বরং কণ্ঠে মিশে থাকল ক্ষোভ আর অভিযোগের ছোঁয়া। সংবাদ সম্মেলনে এসে দলের সমালোচনাকারীদের ধুয়ে দিলেন বাংলাদেশ কোচ, একহাত নিলেন গণমাধ্যমকেও। দল ও দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক পথে চলার আহ্বানও জানালেন এই স্প্যানিশ কোচ।
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভুটানকে ৩-১ গোলে উড়িয়ে সেমি-ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। ২০০৯ সালের পর তারা প্রথমবার এই মঞ্চে পা রাখল কাবরেরার হাত দরে। প্রথম সেমি-ফাইনালে শনিবার কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ার এই শক্তিশালী দলের বিপক্ষে লড়াইয়ের বার্তাও দিয়ে রাখলেন তিনি। তার সংবাদ সম্মেলনের পুরোটাই তুলে ধরা হলো পাঠকদের জন্য।
সাফের সেমি-ফাইনালে ওঠার জন্য অভিনন্দন। কতটা ভালো লাগা কাজ করছে?
কাবরেরা: অবশ্যই এই অর্জনে আমি খুশি। আমরা জানতাম (ভুটানের বিপক্ষে) শুরুটা আমাদের জন্য কঠিন হতে পারে। তা হয়েছেও। আমরা নড়বড়ে ছিলাম, আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছিলাম না। কঠিন পরিস্থিতি ছিল। শুরুর চার-পাঁচ মিনিট আমরা ঠিক ছিলাম, এরপর নিজেদের খেলা খেলতে পারছিলাম না। ভুটান ভালো করছিল, তবে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর আমরা আস্তে আস্তে ঘুরে দাঁড়ালাম এবং দল বল পজিশনে এবং নিয়ন্ত্রণে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে শুরু করল।
এরপর আমরা যখন একটু ধীরস্থির হলাম, তখন ম্যাচ আরও বেশি ভালোভাবে নিয়ন্ত্রণ করা শুরু করলাম। দ্বিতীয়ার্ধে আমরা ক্রমেই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলেছি। খুব বেশি ঝুঁকি নিতে চাইনি। লক্ষ্য অর্জন করাটা নিশ্চিত করেছি।
অবশ্যই দল নিয়ে খুশি এবং বিশেষ করে ছেলেদের জন্য খুশি। লম্বা সময় ধরে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে তাদের। ফেডারেশন প্রেসিডেন্ট (কাজী সালাউদ্দিন), ফেডারেশন (বাফুফে) এবং দেশের মানুষদের জন্য আমি খুশি। তাদেরকে কিছু আনন্দের উপলক্ষ এনে দিতে পারা আমার জন্য ভালো অনুভূতির। তাদের এটা প্রয়োজন ছিল। আমি মনে করি, বাংলাদেশের ফুটবলের আরও বেশি সমর্থন প্রয়োজন।
বাংলাদেশ ফুটবলপ্রেমী দেশ। এই সেমি-ফাইনাল বাংলাদেশের ফুটবলের পথচলায় কতটা প্রভাব রাখবে বলে মনে করেন?
কাবরেরা: আমি মনে করি, এটা একটা প্রক্রিয়া, যেটা আমরা ২০২২ সালের জানুয়ারিতে শুরু করেছিলাম। ধীরে ধীরে আমরা লক্ষ্যগুলো অর্জন করছি। সাফে আমাদের মূল লক্ষ্যগুলোর প্রথমটি অর্জন করেছি, বিশেষ করে যেখানে মধ্যপ্রাচ্যের দুটি দল খেলছে। এখন আমরা একই বিশ্বাস নিয়ে ধাপে ধাপে এগিয়ে যাব।
এখন আমাদের সামনে সেমি-ফাইনাল, যেটা খুব কঠিন হবে। কিন্তু আমরা কুয়েতের চোখে চোখ রেখে লড়াই করব, পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব। কেননা, সামনে আমাদের বিশ্বকাপ বাছাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ মিশনও রয়েছে, যেটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
গত পাঁচ সাফে বাংলাদেশ খেলেছে ভিন্ন পাঁচ জনের কোচিংয়ে, কিন্তু গ্রুপ পর্ব পার হতে পারেনি। এবার কিভাবে সম্ভব করলেন আপনি?
কাবরেরা: একই কথাই বলব। এর পেছনে অনেক কাজ আছে। খেলোয়াড়দের নিবেদন, নিজেদের কাজের উপর খেলোয়াড়ের বিশ্বাস, টেকনিক্যাল স্টাফদের অনেক কঠোর পরিশ্রমের অবদান আছে। হাসান আল মামুন (সহকারী কোচ) লিগের, ফেডারেশন কাপের প্রতিটি ম্যাচ দেখে সেই অনুযায়ী প্রতিটি ট্রেনিং সেশনে ছেলেদের স্কাউটিং করেছে। আমরা যেটা করতে চাই, সেটার সঙ্গে কোন খেলোয়াড় মানানসই, কাকে আমরা চাই, তাদের খুঁজে বের করেছে। বাকি স্টাফরাও যোগ করেছে অনেক কিছু। এই কাজগুলোই এটা (সেমি-ফাইনালে ওঠা) সম্ভব করেছে।
এটা ভাগ্যের জোরে হয়নি। পুরো প্রক্রিয়ায় কাজের… এখন আমরা এই প্রক্রিয়ার মাঝপথে আছি, এখনও চূড়ান্ত কিছু অর্জন করিনি। এই মেধাবী ছেলেরা… এই দেশে যে মানের খেলোয়াড় আছে, তাদের সামর্থ্য আছে কিছু পাওয়ার, কিন্তু এখনও অনেকটা পথ যেতে হবে। এজন্য আমাদের সবার সমর্থন প্রয়োজন। আমরা একই মানসিকতা নিয়ে নিজেদের কাজ করে যাব।
এই প্রথম সেরা একাদশে মোরসালিন ও রাকিব একসঙ্গে খেললেন। তিনটি গোলেই অবদান তাদের…
কাবরেরা: ফাহিম (ফয়সাল আহমেদ) গত দুই ম্যাচে চমৎকার খেলেছিল। সুমন একটা ‘বিস্ট’, যখনই সুযোগ পায়, নিজের সেরাটা দিয়ে খেলে। সুযোগ তৈরি করার ক্ষেত্রে মোরসালিনের অন্যরকম সামর্থ্য আছে। গত ম্যাচে শেষ মুহূর্তে সে গোল করেছে, আজকে শুরুর ২০ মিনিটে (২১ মিনিটে) সে গোল পেয়েছে, অ্যাটাকিং থার্ডে বল পেলে সে যেকোনো কিছু করতে পারে। হি ইজ সামথিং…।
রাকিব অন্য পর্যায়ের খেলোয়াড়। এ মুহূর্তে তার যে শারীরিক সমার্থ্য, সে অন্যদের চেয়ে এগিয়ে। ওরা দুজন আজকে দলকে অনেক কিছু দিয়েছে। কিন্তু অন্যরাও আছে, যারা আজকে দলকে অনেক কিছু দিয়েছে। তারা দুজনে আজকে মূল খেলোয়াড় ছিল, চমৎকার খেলেছেও, কিন্তু আমি নিশ্চিত অন্য যারা আছে, তারাও অনেক ভালো খেলেছে।
বাংলাদেশ সেমি-ফাইনালে উঠেছে, যেখানে ভারত, কুয়েত এবং লেবাননের মতো শক্তিশালী দল খেলছে…।
কাবরেরা: লেবানন, কুয়েত এবং ভারতের সঙ্গে বাংলাদেশকে (সেমি-ফাইনালে) দেখাটা আমাদের কাছে দারুণ ব্যাপার। এখন আমাদের কিছুটা স্বস্তির শ্বাস নিতে হবে, এই মুহূর্ত উপভোগ করতে হবে। আগামীকাল থেকে আমরা আবার কাজ শুরু করব। চেষ্টা করব কুয়েতের বিপক্ষে ‘ফেস টু ফেস’ লড়াইয়ের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার। সেমি-ফাইনাল উপভোগ করতে হবে, সেখানে যেকোনো কিছুই হতে পারে। অবশ্যই আমরা কুয়েতের বিপক্ষে লড়াই করব, কিন্তু এটা আমাদের জন্য কঠিন ম্যাচ হবে।
আপনি সবসময়ই প্রথম লক্ষ্য হিসেবে সেমি-ফাইনালের কথা বলেছেন। সেমি-ফাইনালে উঠেছে দল। এরপর কি?
কাবরেরা: আমরা প্রথম লক্ষ্য অর্জন করেছি। যেটা আমরা অর্জন করেছি, তা নিয়ে সবার গর্ব করা উচিত। দলের পারফরম্যান্স ভালো ছিল। এমন নয় যে, জয় পাওয়া দুই ম্যাচেই আমরা ভালো করেছি, গ্রুপপর্ব জুড়েই ভালো পারফর্ম করেছি। লেবাননের বিপক্ষেও হেরে যাওয়া ম্যাচে ভালো খেলেছি। যদি ভুল না বলে থাকি, শেষ আট ম্যাচের পাঁচটিতে জিতেছি। দলকে আত্মবিশ্বাসী করার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। কুয়েতের বিপক্ষে ম্যাচ কঠিন হবে, কিন্তু আমরাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার পথ খুঁজে নেব।
সমর্থনের কথা বলছিলেন। কোন ধরনের সমর্থন চান, ফেডারেশন বা…
কাবরেরা: আমি আসলে সমর্থন নিয়ে বলতে চাই, চলুন একসঙ্গে একই পথে চলি। এটা নিয়ে গণমাধ্যমের সাথেও কথা বলেছি। কিন্তু খুব কমই সমর্থন পেয়েছি। নির্দিষ্ট কিছু গণমাধ্যম, সাংবাদিককে পাশে পেয়েছি।
আমাদের লক্ষ্য নিয়ে প্রশ্ন তোলার কিছুই নেই। কিন্তু তারা কখনোই এই দলের উপর বিশ্বাস রাখেনি এবং এটাই সত্যি। কখনোই বিশ্বাস রাখেনি, কখনোই নয়। এই দলটিই এখন সেমি-ফাইনালে উঠেছে। দেখা যাক, এই ছেলেরা আর কী অর্জন করতে পারে! কিন্তু আমরা কোনো সমর্থনই পাইনি গণমাধ্যমের কাছ থেকে। অথচ দলকে সমর্থন দেওয়ার এবং ইতিবাচকতা নিয়ে সবাইকে এক করার প্রবল শক্তি আছে গণমাধ্যমের।
সেমি-ফাইনালের লক্ষ্য পূরণ হয়েছে। এখন কি বাংলাদেশের সমর্থকরা বড় স্বপ্ন দেখতে পারে এই দলকে নিয়ে?
কাবরেরা: আবারও বলছি, আমাদেরকে ধাপে ধাপে এগুতে হবে, এখন বর্তমান নিয়ে ভাবুন। আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছি দেশের জন্য। আরও বেশি মানুষকে ঐক্যবদ্ধ করা, ক্লাবের ম্যাচগুলোতে সমর্থকদের সংশ্লিষ্টতা বৃদ্ধি এবং জাতীয় দলের চারপাশে যারা আছে, তাদেরকে একত্রিত করা-এগুলো আমাদের প্রয়োজন। এগুলো করে চলুন একসঙ্গে চলি। যখন আমরা এগুলো করতে পারব, একই পথে চলতে পারব, তাহলে আমি নিশ্চিত ভবিষ্যতে আমরা আরও কিছু অর্জন করতে পারব।
