১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ইউরোপা লিগ জয়ের চেয়ে ইউনাইটেড কোচের কাছে যা বেশি গুরুত্বপূর্ণ

ইউরোপা লিগের ফাইনালে হারলে পদত্যাগ করতে পারেন, এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।

ইউরোপা লিগ জয়ের চেয়ে ইউনাইটেড কোচের কাছে যা বেশি গুরুত্বপূর্ণ
ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে প্রথম ট্রফি জয়ের হাতছানি হুবেন আমুরির সামনে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 09:24 AM

Updated : 26 Aug 2026, 12:43 PM

ম্যানচেস্টার ইউনাইটেডের চরম হতাশার মাঝে একমাত্র আশার জায়গা ইউরোপা লিগ। দুঃস্বপ্নের মৌসুমে কিছুটা প্রাপ্তির আনন্দ পাবে তারা ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে জিততে পারলে। তবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটির কোচ হুবেন আমুরির মতে, ট্রফি জয়ের চেয়েও বড় ব্যাপার হলো আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া।

স্পেনের বিলবাওয়ে আগামী বুধবার ইউরোপা লিগের ফাইনালে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ী দল সরাসরি জায়গা পাবে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে।

প্রিমিয়ার লিগে এই দুই দলের কারো অবস্থাই ভালো নয়। দুই রাউন্ড বাকি থাকতে ইউনাইটেড আছে ১৬ নম্বরে, তাদের পরই টটেনহ্যাম। প্রিমিয়ার লিগের অবস্থান থেকে আগামী মৌসুমে কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা তাদের কারো নেই।  

চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে পারলে ইউনাইটেড পেতে পারে অন্তত সাত কোটি পাউন্ড। আমুরির দল পুনর্গঠনের জন্য যা কাজে দেবে।

সংবাদ সম্মেলনে বুধবার পর্তুগিজ কোচ তুলে ধরলেন, চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্ব তার কাছে কতটা।

“আমার কাছে চ্যাম্পিয়ন্স লিগ বেশি গুরুত্বপূর্ণ। সবকিছুর জন্য, পরবর্তী মৌসুমের প্রস্তুতি নেওয়ার জন্য। আমাদের চ্যাম্পিয়ন্স লিগে থাকার কথা। এখানে ইউরোপা লিগ যথেষ্ট নয় এবং এখানে সবার সেই অনুভূতি থাকা উচিত।”

“কয়েক বছরের মধ্যে আমাদের সর্বোচ্চ স্তরে উঠতে সাহায্য করার সেরা উপায় হলো চ্যাম্পিয়ন্স লিগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই শিরোপা কীভাবে আমাদের দ্রুত শীর্ষে ফিরে যেতে সাহায্য করতে পারে।”

স্পোর্তিং লিসবনে দারুণ সাফল্যের পর গত নভেম্বরে ইউনাইটেডের দায়িত্ব নেন আমুরি। তার কোচিংয়ে প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জিততে পেরেছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।

ইউরোপা লিগের ফাইনালে হারলে পদত্যাগ করতে পারেন, এমন সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিয়েছেন আমুরি।