২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ গোলের লিড হারিয়ে টাইব্রেকারে জয়ের পর টেন হাগ বললেন, ‘বিশাল অর্জন’

৯০ মিনিটের লড়াইয়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি কভেন্ট্রি সিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2024, 03:45 AM

Updated : 22 Apr 2024, 03:50 AM

ম্যাচের ৫৮ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৭০ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রাখা। ম্যানচেস্টার ইউনাইটেডের জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে, তিন গোল শোধ করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে গেল কভেন্ট্রি সিটি। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে প্রায় জিতেই যাচ্ছিল ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দলটি। সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত অবশ্য টাইব্রেকারে জিতে এফএ কাপের ফাইনালে ওঠার আনন্দ সঙ্গী ম্যানচেস্টার ইউনাইটেডের।

কিন্তু, মাঠে দলটির এভাবে খেই হারানো নিয়ে প্রশ্ন হয়তো থেমে থাকবে না। যদিও হঠাৎ ছন্দ হারিয়ে তিন গোলের লিড হারালেও ইউনাইটেড কোচ এরিক টেন হাগের চোখে এই সাফল্য অনেক বড় অর্জন!

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার দ্বিতীয় সেমি-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে ইউনাইটেড।

স্কট ম্যাকটমিনে ও হ্যারি ম্যাগুইয়ারের গোলে প্রথমার্ধেই ২-০তে এগিয়ে যায় প্রিমিয়ার লিগের সফতলতম দলটি। ৫৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ব্রুনো ফের্নান্দেস।

১৯৮৭ সালে এফএ কাপ জয়ের পর প্রথমবার প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে খেলা কভেন্ট্রির ঘুরে দাঁড়ানোর শুরু ৭১তম মিনিটের গোলে। ৭৯তম মিনিটে আরেকটি, আর যোগ করা সময়ে পেনাল্টি থেকে তৃতীয় গোল করে সমতা টানে চ্যাম্পিয়নশিপের দলটি।

অতিরিক্ত সময়ে দুই দলেরই একটি করে প্রচেষ্টা বাধা পায় পোস্ট কিংবা ক্রসবারে। এর মধ্যে ১১৭তম মিনিটে কভেন্ট্রির এলিস সিমসের শট ক্রসবারের নিচের অংশে লেগে ভেতরে না ঢুকে বেরিয়ে যায়। 

বদলি নামা কভেন্ট্রির ভিক্টর টর্প ম্যাচের শেষ কিকে বল জালে পাঠালে উল্লাসে মেতে ওঠে দলটির ৩৬ হাজার দর্শক। কিন্তু এই ডেনিশ মিডফিল্ডার সামান্য ব্যবধানে অফসাইডে থাকায় ভিএআরে বাতিল হয়ে যায় গোল।

টাইব্রেকারে কাসেমিরোর নেওয়া ইউনাইটেডের প্রথম শট ঠেকিয়ে শুরুটা দারুণ করে কভেন্ট্রি। নিজেদের প্রথম দুই শটে গোল করে এগিয়েও যায় তারা। কিন্তু পরের দুই শটে গোল করতে ব্যর্থ হয় দলটি। আর ইউনাইটেড নিজেদের পরের চার শটে গোল করে তুলে নেয় জয়।

এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে উঠল ইউনাইটেড। মৌসুমজুড়ে টানা ব্যর্থতার মাঝে এতেই তৃপ্তি খুঁজে পাচ্ছেন টেন হাগ।

“আমরা দুই বছরে দুটি ফাইনালে পৌঁছেছি, যা বড় অর্জন । দলের করা ভুলগুলো আমি দেখি। এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তবে এখানে কোনো বিব্রতকর ব্যাপার নেই, এটি (ফাইনালে ওঠা) বিশাল অর্জন।”

গতবারের মতো এবারও ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে ম্যানচেস্টার সিটি। আগেরবার ২-১ গোলের জয়ে শিরোপা উল্লাস করেছিল পেপ গুয়ার্দিওলার দল।

বিশ্বের প্রাচীনতম জাতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা এফএ কাপে ১৮৮৫ সালের পর এই প্রথম একই দুই দল টানা দুই আসরে ফাইনালে খেলতে যাচ্ছে।

টেন হাগের মতে, তাদের সামনে ট্রফি জয়ের ভালো সুযোগ আছে। তবে কাজটা যে খুব কঠিন, সেটাও ভালো করেই জানেন সমালোচনার মুখে থাকা এই ডাচ কোচ।

“বিশ্বের সেরা দলের মুখোমুখি হতে হবে আমাদের, তবে আমরা গত মৌসুমে দেখিয়েছি, যদি ৯০ মিনিটে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জয়ের সুযোগ থাকবে। কাজটা সহজ হবে না, তবে আমাদের সুযোগ আছে এবং আমাদের সেই চেষ্টা করতে হবে।”

ওয়েম্বলিতে আগামী ২৫ মে হবে ফাইনাল।