০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিদায় বলার ৩ বছর পর আবার মাঠে ফিরছেন সিলভা

৪০ বছর বয়সে অবসর ভেঙে ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা।

বিদায় বলার ৩ বছর পর আবার মাঠে ফিরছেন সিলভা

দাভিদ সিলভা তার ক‍্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন ম‍্যানচেস্টার সিটিতে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 09:02 PM

Updated : 07 Oct 2026, 09:01 PM

তিন বছর আগে, চোটের কাছে হার মেনে ফুটবলকে বিদায় জানালেও, সেটা যেন দাভিদ সিলভার মনে একটা অপূর্ণতা হয়েই ছিল। তাই বুঝি, ৪০ বছর বয়সে আবার মাঠে ফেরার সিদ্ধান্ত নিলেন স্পেনের বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার।

হংকং প্রিমিয়ার লিগে দল শা তিন-এ যোগ দিয়েছেন সিলভা। তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, ২১ নম্বর জার্সি পরে খেলবেন সিলভা।

স্পেনের হয়ে ২০১০ সালের বিশ্বকাপ এবং দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী এই অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাব ক্যারিয়ারে সেরা সময় কাটান ম্যানচেস্টার সিটিতে, ২০১০ থেকে ২০২০ পর্যন্ত। ক্লাবটির হয়ে চারটি প্রিমিয়ার লিগসহ আরও অনেক শিরোপা জয়ের স্বাদ পান তিনি।

সেখান থেকে তিনি যোগ দেন রেয়াল সোসিয়েদাদে। স্বদেশের ক্লাবটিতে খেলার সময়ই, ২০২৩ সালের জুলাইয়ে এন্টেরিওর ক্রসিয়েট লিগামেন্টে (এসিএল) গুরুতর চোট পান সিলভা এবং এর ছয় দিন পরই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেন ওই ৩৭ বছর বয়সি তারকা।

এরপর হঠাৎ করেই এলো তার ফুটবলে ফেরার ঘোষণা। আবার প্রিয় খেলা খেলতে পারার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সিলভা।

“শা তিনে যোগ দিতে পেরে আমি খুব খুশি এবং হংকংয়ে গিয়ে সেখানকার সংস্কৃতি ও মানুষদের সম্পর্কে জানার সুযোগ পেয়ে এবং আবার ফুটবল উপভোগ করতে পারব ভেবে আমি রোমাঞ্চিত। সেখানে যাওয়ার জন্য আমি মুখিয়ে আছি, শীঘ্রই দেখা হচ্ছে।”