২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবচেয়ে কঠিন’ প্রতিপক্ষ পেয়েছে বার্সা

চ্যালেঞ্জটা কঠিন হলেও প্লে-অফের বাধা পেরিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস।

‘সবচেয়ে কঠিন’ প্রতিপক্ষ পেয়েছে বার্সা

বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 12:34 AM

Updated : 08 Nov 2022, 12:34 AM

চ্যাম্পিয়ন্স লিগে ‘গ্রুপ অব ডেথ’ থেকে বিদায় নিয়ে ইউরোপা লিগে নেমে যাওয়া বার্সেলোনাকে শুরুতেই দিতে হবে বড় পরীক্ষা। নকআউট রাউন্ড প্লে-অফে তাদের সামনে বাধা ম্যানচেস্টার ইউনাইটেড। কাতালান ক্লাবটির কোচ শাভি এরনান্দেস মনে করেন, সবচেয়ে কঠিন প্রতিপক্ষ পেয়েছেন তারা।

সুইজারল্যান্ডের নিয়নে সোমবার ইউরোপা লিগের প্লে-অফ ড্রয়ে বার্সেলোনা ও ইউনাইটেডের হাইভোল্টেজ লড়াইয়ের মঞ্চ তৈরি হয়।

চ্যাম্পিয়ন্স লিগে ‘সি’ গ্রুপে স্রেফ দুটি জয় পাওয়া বার্সেলোনাকে পেছনে ফেলে শেষ ষোলোয় জায়গা করে নেয় বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান।

এতে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগে নেমে যায় বার্সেলোনা। ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় গত মৌসুমে প্লে-অফে নাপোলিকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছিল তারা। তবে খুব বেশি এগিয়ে যাওয়া সম্ভব হয়নি স্প্যানিশ দলটির। কোয়ার্টার-ফাইনালে শাভির দলকে বিদায় করে দেওয়া আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট পরে জিতে নেয় শিরোপা।

লা লিগায় আগামী মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে খেলবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে ইউরোপা লিগের ড্র প্রসঙ্গে শাভি বলেন, ইউনাইটেডের চেয়ে কঠিন প্রতিপক্ষ তারা আর পেতেন না।

“সত্যিই কঠিন এক দলের বিপক্ষে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তারা ঐতিহ্যবাহী দল, দারুণ সব খেলোয়াড় আছে তাদের দল। (কোচ) এরিক টেন হাগ আসার পর তারা অনেক উন্নতি করেছে। ইউরোপা লিগে আবারও আমরা সবচেয়ে কঠিন প্রতিপক্ষ পেয়েছি।”

শাভির বিশ্বাস, প্লে-অফের বাধা পেরিয়ে তার দল প্রথমবারের মতো ইউরোপা লিগের শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাবে।

“সবসময়ই এমন একটা প্রতিপক্ষ থাকে, যাদের আমাদের মতোই জেতার বাধ্যবাধকতা থাকে। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের ম্যানচেস্টারকে বিশ্লেষণ করতে হবে। আমরা চেষ্টা করব, এই ক্লাবটি (বার্সেলোনা) কখনও ইউরোপা লিগ জেতেনি।”

“এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, আমাদের খেলোয়াড়রা সম্ভবত একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলার জন্য আরও বেশি অনুপ্রাণিত হবে।”

প্লে-অফ রাউন্ডের প্রথম লেগ হবে ১৬ ফেব্রুয়ারি, আর ফিরতি লেগ ২৩ ফেব্রুয়ারি।