২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিএলের সাফল্যে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ছবি আঁকছে সিটি

সিটির প্রধান নির্বাহী ফেররান সোরিয়ানোর বিশ্বাস, পারফরম্যান্সের ধারাবাহিকতায় একদিন চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য মিলবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 08:40 PM

Updated : 27 Aug 2022, 12:59 PM

কয়েক বছর ধরে ইংলিশ প্রিমিয়ার লিগে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে চলছে ম্যানচেস্টার সিটি। একের পর এক মৌসুমে ঘরে তুলেছে তারা লিগ শিরোপা। ঘরোয়া ফুটবলে সাফল্যের ধারাবাহিতায় ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখছে দলটি।

সিটির প্রধান নির্বাহী ফেররান সোরিয়ানোর দৃঢ় বিশ্বাস, পারফরম্যান্সের ধারাবাহিকতায় একদিন তাদের চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য মিলবেই।

প্রিমিয়ার লিগে গত পাঁচ মৌসুমের চারবারই শিরোপা জিতেছে সিটি। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় তাদের শিরোপা ৮টি। কিন্তু ইউরোপের সবচেয়ে বড় মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে একবারও সাফল্যের মুখ দেখেনি দলটি।

২০২১ সালে খুব কাছে গিয়েও ঘরে তুলতে পারেনি শিরোপা। ফাইনালে হেরে যায় তারা আরেক ইংলিশ ক্লাব চেলসির কাছে। গত মৌসুমে সেমি-ফাইনালে গিয়ে একেবারে শেষ মুহূর্তে হারতে হয় রিয়াল মাদ্রিদের কাছে।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র হয়েছে বৃহস্পতিবার। গ্রুপসঙ্গী নির্ধারণ হওয়ার পর রোমাঞ্চকর ফুটবলের সম্ভাবনা দেখছেন সোরিয়ানো। এর আগে ফাইনাল ও সেমি-ফাইনালে ওঠার মাঝে খুঁজে নিচ্ছেন আত্মবিশ্বাস।

“গত তিন বছর আমরা যা করেছি তা অসাধারণ। সবশেষ পাঁচ প্রিমিয়ার লিগের চারটিই আমরা জিতেছি। এতে বোঝা যায়, আমরা যেভাবে কাজ করছি ও খেলছি, সেখানে বেশ ধারাবাহিক…চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল ও সেমি-ফাইনালেও খেলেছি।”

“যা-ই হোক না কেন, আমি এটাকে সাফল্য হিসেবেই দেখি। কারণ আমি জানি, বছরের পর বছর ধরে যদি এভাবে কাজ করতে থাকি, আমরা আবারও ফাইনালে জায়গা করে নেব এবং একদিন শিরোপাও জিতব। (চ্যাম্পিয়ন্স লিগ শিরোপায়) আমরা মোহাবিষ্ট নই, তবে আমি জানি একদিন আমরা এটা জিতবই।”

ড্রয়ে ‘জি’ গ্রুপে পড়েছে সিটি। সেখানে তাদের সঙ্গী বরুশিয়া ডর্টমুন্ড, সেভিয়া ও কোপেনহেগেন। ২০২০-২১ আসরে কোয়ার্টার-ফাইনালে ডর্টমুন্ডকে দুই লেগেই হারিয়েছিল সিটি।

সোরিয়ানোর মতে, ডর্টমুন্ডের বিপক্ষে আগেরবারের চেয়ে এবারের লড়াই হবে আরও স্পেশাল।

“২০২১ সালের কোয়ার্টার-ফাইনালে আমরা ডর্টমুন্ডের বিপক্ষে খেলেছি। তবে সেটা ছিল কোভিড-১৯ এর সময়, যখন স্টেডিয়ামে কোনো সমর্থক ছিল না।”

“এখন সমর্থকদের সামনে ডর্টমুন্ড ও ম্যানচেস্টারে খেলার অভিজ্ঞতা হবে আমাদের। পূর্বে ডর্টমুন্ডের হয়ে খেলা আর্লিং হলান্ড ও ইলকাই গিনদোয়ান এখন আমাদের দলে থাকায় সম্ভবত বাড়তি রোমাঞ্চ যোগ হবে।”

এবারের দলবদলে নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ডকে ডর্টমুন্ড থেকে দলে নিয়েছে সিটি। জার্মান ক্লাবটি থেকেই ২০১৬ সালে সিটিতে এসেছিলেন জার্মান মিডফিল্ডার ইলকাই গিনদোয়ান।