১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্কোয়াড ছেঁটে ছোট করতে চান ম্যানচেস্টার ইউনাইটেড কোচ

এই পরিকল্পনার পেছনের কারণটাও পরিষ্কার করেছেন হুবেন আমুরি।

স্কোয়াড ছেঁটে ছোট করতে চান ম্যানচেস্টার ইউনাইটেড কোচ
আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে না ম্যানচেস্টার ইউনাইটেডকে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2025, 05:11 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

চ্যাম্পিয়ন্স লিগে না ওঠায় আগামী মৌসুমে ব্যস্ততা অনেকটা কম থাকবে ম্যানচেস্টার ইউনাইটেডের। তাই বড় আকারের স্কোয়াডের প্রয়োজন দেখছেন না দলটির কোচ হুবেন আমুরি।

মৌসুমের শেষ ম্যাচে গত রোববার অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে এবারের প্রিমিয়ার লিগ পর্ব শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষটা জয়ে রাঙাতে পারলেও, পুরো মৌসুমে তাদের পারফরম্যান্স ছিল খুব বাজে। প্রিমিয়ার লিগে ১৫তম হয়েছে প্রতিযোগিতাটির সফলতম ক্লাবটি।

তারপরও ইউরোপা লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ইউনাইটেড; কিন্তু ওই টুর্নামেন্টের ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হেরে যায় আমুরির দল।

প্রতিযোগিতামূলক ফুটবল শেষ করেই পরদিন এশিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলতে কুয়ালা লামপুরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বুধবার তারা আসিয়ান অল-স্টার্স দলের মুখোমুখি হবে এবং শুক্রবার খেলবে হংকংয়ের বিপক্ষে। এজন্য কাসেমিরো, আলেহান্দ্রো গার্নাচো ও ব্রুনো ফের্নান্দেসসহ শীর্ষ দলের সবাইকে নিয়েই সফরে গেছে তারা।

সেখানেই এক সংবাদ সম্মেলনে ২০২৫-২৬ মৌসুমের জন্য নিজেদের পরিকল্পনা জানান আমুরি।

“আমরা সবসময় দুটি পরিকল্পনা করি। চ্যাম্পিয়ন্স লিগ সহ এবং ছাড়া। চ্যাম্পিয়ন্স লিগ ব্যতিত আমাদের বড় স্কোয়াডের দরকার নেই।”

“আমরা বরং আরও ভালো উপায়ে স্কোয়াডকে নিয়ন্ত্রণ করতে পারি। দলে কিছু নতুন খেলোয়াড় আনার পরিকল্পনা আছে আমাদের। তবে আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা হলো, বর্তমানে থাকা দলের উন্নতি করা, একাডেমির উন্নতি করা।”

একাডেমির বেশ কয়েকজন খেলোয়াড়কে স্কোয়াডে রেখেই এশিয়া সফরে গেছে ক্লাবটি। আমুরিরও বিশ্বাস, তার দল ধীরে ধীরে উন্নতি করছে।

“ঐক্যবদ্ধ থাকাটা গুরুত্বপূর্ণ। সামনে আমাদের ভুগতে হবে। চটজলদি সবকিছু ঠিক হয়ে যাবে না, তবে আমি দেখতে পাচ্ছি যে, দল উন্নতি করছে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”