১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইতালির ডাগআউটে দেশমকে কিছুতেই দেখতে চান না এমবাপে

চলমান গুঞ্জন প্রসঙ্গে ফরাসি ফরোয়ার্ড বললেন, তারা কোচ হিসেবে একজন ইতালিয়ানের খোঁজ করুক।

ইতালির ডাগআউটে দেশমকে কিছুতেই দেখতে চান না এমবাপে
দিদিয়ে দেশম ও কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2026, 06:04 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

ফ্রান্সের এবারের বিশ্বকাপ অভিযান শেষ হলেই দলটিতে দিদিয়ে দেশমের অধ্যায় শেষ হয়ে যাবে- পুরনো খবরটির সঙ্গে যোগ হয়েছে নতুন এক গুঞ্জন, কক্ষচ্যুত ইতালি নাকি তাকে কোচ হিসেবে চায়। বিষয়টি একদমই পছন্দ নয় কিলিয়ান এমবাপের। সরাসরি বলেছেন, তারা একজন ইতালিয়ান খুঁজে বের করুক।

ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক দেশম খেলোয়াড়ি জীবন শেষে বেছে নেন কোচিং পেশা এবং ২০১২ সালে তিনি দায়িত্ব নেন উত্তরসূরিদের। তার হাত ধরে দলটি হয়ে ওঠে দারুণ শক্তিশালী। সাফল্যও অনেক; ২০১৮ বিশ্বকাপ জয়ের পর, ২০২১ সালের উয়েফা নেশন্স লিগ জয় করে তারা।

২০২২ সালের কাতার বিশ্বকাপেও ফাইনালে ওঠে দেশমের দল, শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভাঙে তাদের। এবারের বিশ্বকাপ শুরুর অনেক আগেই দেশম ঘোষণা দেন, দেশের জাতীয় দলের কোচ হিসেবে এটাই তার শেষ অভিযান।

তার সম্ভাব্য গন্তব্য নিয়ে শুরুতে তেমন কিছু শোনা যায়নি। কিন্তু হঠাৎ করেই সাম্প্রতিক সময়ে ইতালিয়ান গণমাধ্যমে শোনা যায়, টানা তিনবার বিশ্বকাপের বাছাই উতরাতে ব্যর্থ ইতালিয়ানরা পথে ফেরার অভিযানে দেশমকে চায়।

এক সাক্ষাৎকারের ফাঁকে ওই বিষয়ে এমবাপের অভিমত জানতে চায় এমসিক্স টেলিভিশন, তারা ফ্রান্সের ম্যাচ প্রচার করে থাকে। উত্তরে রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড সরাসরি বলেন, এমন কিছু তিনি একদমই চান না। 

“আশা করি, তিনি আর কোনো জাতীয় দলকে কোচিং করাবেন না। এই ব্যাপারে আমি তাকে চাপই দিচ্ছি। তার ইতালির কোচ হওয়া নিয়ে নানা কথা আমি শুনেছি, এমন কিছু হলে খুব খারাপ হবে।”

দেশমকে ভবিষ‍্যতে আর্জেন্টিনার কোচ হিসেবেও দেখতে চান না এমবাপে।

“তিনি আমাদের কোচ, আমাদের কাছে তিনি মানে অনেক কিছু। তিনি যা কিছু অর্জন করেছেন, তাতে অনেক জাতীয় দলই তাকে চাইবে। ইতালি তাদের কোচের জন্য একজন ইতালিয়ান খুঁজে বের করুক। দিদিয়ে একজন ফরাসি, তিনি আমাদের।”

ফরাসি পত্রিকা লু ফিগাহো-এ শুক্রবার দেশমের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। যেখানে ভবিষ্যতে তার ইতালির দায়িত্ব নেওয়া গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয়। উত্তরে ৫৭ বছর বয়সী কোচ বলেছেন, “আমি কোনো সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।”