২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সার এমন একটা ধাক্কা দরকার ছিল’

নিজেদের গুছিয়ে নিয়ে বাকি শিরোপাগুলোয় চোখ রাখতে চান বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 03:34 PM

Updated : 27 Oct 2022, 03:44 PM

টানা দুই মৌসুমে গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের পথচলা। স্বাভাবিকভাবেই চরম হতাশায় ডুবে আছে বার্সেলোনা। তবে এটাকেই ঘুরে দাঁড়ানোর পাথেয় হিসেবে দেখছেন শাভি এরনান্দেস। দলটির কোচের মতে, উন্নতির জন্য এমন একটা জোর ধাক্কা খাওয়ার প্রয়োজন ছিল তাদের।

ইউরোপ সেরার মঞ্চে বুধবার রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার ছিটকে পড়া। ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে জিতে বার্সেলোনাকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করে নেয় ইন্টার মিলান।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে বার্সেলোনা। একটি করে জয় ও ড্রয়ে তাদের পয়েন্ট ৪।

বিদায় ঘণ্টা বেজে গেছে জেনেই বায়ার্নের বিপক্ষে খেলতে নেমে ৩-০ গোলে হারে বার্সেলোনা। পুরো ম্যাচে তাদের পারফরম্যান্স ছিল ভীষণ বাজে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে শাভিও তা স্বীকার করেন।

“এটাই আমাদের বাস্তবতা এবং এর সম্মুখীন হতেই হবে। হয়তো আমাদের এমন কিছুরই প্রয়োজন ছিল, উন্নতি করার লক্ষ্যে জোর একটা ধাক্কা।”

“আজ সবকিছু (চ্যাম্পিয়ন্স লিগের আশা) আগেই শেষ হয়ে গিয়েছিল, কিছু করার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। আমাদের এই পরিস্থিতির মুখে পড়ার আসল কারণ, আগের ম্যাচগুলোয় করা নিজেদেরই ভুল, আমরা কার্যকর হতে পারিনি। খুবই বাজে অনুভূতি নিয়ে বাদ পড়তে হচ্ছে। তবে বাকি ট্রফিগুলোর জন্য লড়াই করতে আমাদের পুনরায় তৈরি হতে হবে।”

ভিক্তোরিয়া প্লাজেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে আসর শুরুর পর একের পর এক ব্যর্থতা সঙ্গী হয়েছে বার্সেলোনার। বায়ার্ন ও ইন্টারের মাঠে প্রথম দেখায় হারের পর ইতালিয়ান ক্লাবটির সঙ্গে ফিরতি দেখায় ড্র করে বার্সেলোনা।

ইন্টারের সঙ্গে ঘরের মাঠে ৩-৩ গোলের ড্রয়েই মূলত চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার দুয়ারে চলে যায় শাভির দল। সাবেক স্প্যানিশ মিডফিল্ডারের কণ্ঠেও আবার তার হতাশা ফুটে উঠল।

“ইন্টারের বিপক্ষে ম্যাচটি আমাকে বেশি কষ্ট দিয়েছে। ওই সময়ই আমরা নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। ওই ম্যাচের ফল আমাদের দলের জন্য সত্যিই খুব কঠিন ছিল।”

৫ ম্যাচের সবকটি জিতে গ্রুপ সেরা হয়ে পরের ধাপে খেলবে বায়ার্ন। ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইন্টার।